ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুকবিল্ডিং পদ্ধতিতে বাজারে আসা মবিল যমুনা লুব্রিকেন্টস বাংলাদেশ লিমিটেডের লেনদেন শুরু হয়েছে দেশের দুই পুঁজিবাজারে।
রোববার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এন' ক্যাটাগরির শেয়ার হিসেবে এ প্রতিষ্ঠানটিকে তালিকাভুক্ত করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে বুকবিল্ডিং পদ্ধতির মাধ্যমে বাজার থেকে ৬০৯ কোটি টাকার তহবিল সংগ্রহ করে মবিল যমুনা।
১০ টাকা অভিহিত মূল্যের প্রত্যেক শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে ১৪২ টাকা ৪০ পয়সা প্রিমিয়াম আদায় করে তারা। ফলে তাদের পিই রেশিও (শেয়ার অনুপাতে আয়) দাঁড়ায় ৭০।
এ দর 'অতিমূল্যায়িত' বলে ব্যাপক সমালোচনা শুরু হলে ২০ জানুয়ারি অর্থমন্ত্রীর নির্দেশে বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত করে এসইসি। ২৩ জানুয়ারি মবিল যমুনার আইপিও (প্রাথমিক দর প্রস্তাব) প্রক্রিয়াও স্থগিত করা হয়।
এরপর কয়েক দফা আলোচনার পরিপ্রেক্ষিতে কোম্পানির প্রতিটি শেয়ারের বরাদ্দমূল্য ১৫২ টাকা ৪০ পয়সা থেকে কমিয়ে ১১৫ টাকা করা হয়। বাকি টাকা রিফান্ড ওয়ারেন্টের মাধ্যমে বিনিয়োগকারীদের ফেরত দেওয়ার পরই ডিএসই লেনদেনের অনুমতি দেয়।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৪০ টাকায় মবিল যমুনার শেয়ার লেনদেন শুরু হয়। প্রথম দিনে প্রতিষ্ঠানটির ২৬ লাখ ৩০ হাজার ৮০০ শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ৩৬ কোটি ৬৫ লাখ টাকা। দিনে প্রতিটি শেয়ারের দর ১৩০ টাকা থেকে ১৪৬ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে।
প্রথম দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিলো মবিল যমুনা।
এদিকে রোববার মবিল যমুনা তাদের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি মুনাফা করেছে ৩০ কোটি ৮৩ লাখ টাকা। গত বছরের একই প্রান্তিকে তাদের মুনাফার পরিমাণ ছিলো ১২ কোটি ৩৮ লাখ টাকা।
চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সা। গত বছর একই সময়ে তা ছিলো ৮৮ পয়সা। এর ফলে প্রতিষ্ঠানটির বর্তমান পিই রেশিও দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫০।
বুকবিল্ডিং প্রক্রিয়ায় বাজারে আসা অপর প্রতিষ্ঠান এমআই সিমেন্টের (ক্রাউন সিমেন্টের) শেয়ার লেনদেন গত ৮ মে শুরু হয়েছে। ছয় মাসের মধ্যে শেয়ারের দাম বরাদ্দমূল্যের নিচে নেমে গেলে ক্ষতিপূরণ দেওয়ার শর্তে তালিকাভুক্ত করা হয় এমআই সিমেন্টকে। এ কোম্পানির আইপিও মূল্য ১১১ টাকা ৬০ পয়সা।
এদিকে সপ্তাহের প্রথম দিনের লেনদেনে ডিএসইতে সাধারণ সূচক ৬ পয়েন্ট কমে ৫৮৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।
সারাদিনে মোট ৫০৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, যা গত বৃহস্পতিবারের চেয়ে কম।
ডিএসইতে লেনদেন হওয়া ৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৯টির। ১৬টির দাম অপরিবর্তিত ছিলো।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ২৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সেখানে লেনদেন হওয়া ১২৯টি শেয়ারের দামই কমেছে, বেড়েছে ৪৫টির। ৮টির দাম অপরিবর্তিত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৮৫০ ঘ.
bdnews24