২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মোবাইল খাতে রাজস্ব আয় সাতশ কোটি টাকার বেশি'

দেশের ছয় মোবাইল অপারেটরেরর কাছ থেকে চলতি অর্থবছরের ১৯ জুন পর্যন্ত সাতশ কোটি টাকার বেশি রাজস্ব আয় হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগযোগমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ছয় মোবাইল অপারেটরেরর কাছ থেকে চলতি অর্থবছরের ১৯ জুন পর্যন্ত সাতশ কোটি টাকার বেশি রাজস্ব আয় হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগযোগমন্ত্রী। ডাক ও টেলিযোগযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু শনিবার সংসদে জানান, ছয় মোবাইল অপারেটরের কাছ থেকে চলতি অর্থবছরের গত ১৯ জুন পর্যন্ত ৭৩৩ কোটি ১০ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে। তিনি জানান, চলতি বছরের ৩১ মে পর্যন্ত পরিচালিত সিম/নাম্বারের পরিমাণ ৭ দশমিক ৫৫ কোটি। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আবদুল মোমিন তালুকদারের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয় দিনের কার্যসূচির শুরতেই। মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ জানান, মোবাইল অপারেটরদের কাছ থেকে সরকার বছরে লাইসেন্স ফি পাঁচ কোটি টাকা, রাজস্ব শেয়ারিং ৫ দশমিক ৫ শতাংশ এবং তরঙ্গ (ফ্রিকোয়েন্সি) চার্জ বাবদ রাজস্ব পেয়ে থাকে। সরকার প্রতি বছর ছয়টি মোবাইল কোম্পানি থেকে ৮০০ কোটি টাকারও বেশি রাজস্ব পায়। "গত অর্থবছরে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ৮১৫ কোটি ৬১ লাখ টাকা।" এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী জানান, সরকারি মোবাইল অপারেটর টেলিটক প্রতিষ্ঠার পর থেকে গত বছরের ৩০ জুন পর্যন্ত ৯৮৫ কোটি টাকা রাজস্ব আয় করেছে। টেলিটক বাংলাদেশ লিমিটেডে সরকারি বিনিয়োগের পরিমাণ মোট ৬৪৩ কোটি টাকা। টেলিটকের আরো ১৮ লাখ ৫০ হাজার গ্রাহক ক্ষমতা বৃদ্ধির জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। অপু উকিলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মোবাইল ফোনের মাধ্যমে মানি ট্রান্সফার সিস্টেমের আওতায় চলতি অর্থবছরে এ পর্যন্ত ডাক বিভাগ আট কোটি ৭৫ লাখ টাকা রাজস্ব আয় করেছে। ডাক অধিদপ্তরে কর্মচারির শূন্য পদ আড়াই হাজার বেগম শাহিন মনোয়ারা হকের লিখিত প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ জানান, ডাক অধিদপ্তরে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারির শূন্য পদের সংখ্যা দুই হাজার ৫৫০টি। শূন্য পদগুলোর মধ্যে এক হাজার ৫৭টি পদ পদোন্নতির মাধ্যমে এবং এক হাজার ৪৯৩টি পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। বর্তমানে সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জনবল নিয়োগের কার্যক্রম চলছে বলে জানান তিনি। আসমা জেরীন ঝুমুর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ডাক অধিদপ্তরের আওতায় মোট নয় হাজার ৮৬২ জন পোস্টমাস্টার এবং সাত হাজার ৩১৯ জন রানার আছে। চয়ন ইসলামের প্রশ্নের জবাবে রাজিউদ্দিন আহমেদ জানান, কম খরচে ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে সরকারের দীর্ঘ পরিকল্পনা রয়েছে। বর্তমানে দেশের সব উপজেলা ডায়াল-আপ ও মোবাইল ইন্টারনেট সংযোগের আওতায় রয়েছে। "২০১৩ সালের মধ্যে পার্বত্য চট্টগ্রামে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।" ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে তিনি জানান, পোস্ট অফিস ব্যবহারে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে গ্রামীণ ডাকঘরগুলিকে ই-সেন্টার ও ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস চালু করা হবে। নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বর্তমান গ্রাহক সংখ্যা ১০ লাখ এবং দেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা সাড়ে সাত কোটির ওপরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৪৩ ঘ.