২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরিষার নামে পোস্তদানা আমদানি

চট্টগ্রাম বন্দরে সরিষার ঘোষণা দিয়ে পোস্তদানা আমদানি করেছে দুটি প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 10:05 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে সরিষার ঘোষণা দিয়ে পোস্তদানা আমদানি করেছে দুটি প্রতিষ্ঠান। চট্টগ্রাম কাস্টমসের আমদানি শাখার গোয়েন্দা কর্মকর্তারা বৃহস্পতিবার সকালে বন্দরের এন ও এনসিওয়াই শেড থেকে দুই কন্টেইনার ভর্তি আমদানি নিষিদ্ধ পোস্তদানা আটক করে। ঢাকার শান্তিনগরের এবি এন্টারপ্রাইজ এবং মালিবাগের ইউনিজেড বাংলাদেশ নামক প্রতিষ্ঠান দুটি পৃথক কন্টেইনারে করে এ পণ্য আমদানি করে। এবি এন্টারপ্রাইজ ২৮ মেট্রিক টন সরিষা ঘোষণা দিয়ে ২৬ টন এবং ইউনিজেড ১৪ টন সরিষা ঘোষণা দিয়ে ১৩ টন পোস্তদানা আমদানি করে। উদ্ধারকৃত পোস্তদানার আনুমানিক মূল্য প্রায় প্রায় দুই কোটি টাকা বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন। চট্টগ্রাম কাস্টমসের আমদানি শাখার গোয়েন্দা কর্মকর্তা ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরে অবস্থানরত ৪০ ও ২০ ফুটি দৈর্ঘ্যের দুটি কন্টেইনার পরীক্ষা করে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির বিষয়টি ধরা পড়ে। তিনি জানান, গত এপ্রিল মাসে কন্টেইনার দুটি বন্দরে আসলেও সিঅ্যান্ডএফ এজেন্ট মালামাল খালাসের জন্য 'বিল অব এন্ট্রি' দাখিল করেনি। গোয়েন্দা কর্মকর্তা ফারুক আরো জানান, এবি এন্টারপ্রাইজ ৪০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনারে করে ২৬ হাজার ৪৫০ কেজি পোস্তাদানা আমদানি করে। এতে সরিষা পাওয়া গেছে মাত্র ৮৫০ কেজি। অন্যদিকে ইউনিজেড ২০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনারে করে ১৩ হাজার ২৮ কেজি পোস্তদানা আমদানি করে। অথচ এতে সরিষা পাওয়া যায় মাত্র ৪০৪ কেজি। তিনি জানান, পোস্তদানা আমদানি বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে। এ ঘটনায় আমদানিকারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ২৬ এপ্রিল বন্দর থেকে খালাস করার সময় প্রায় ১৬ হাজার কেজি পোস্তদানা আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৫৫৫ ঘ.