২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ ও জার্মান বিনিয়োগ বাড়ানোর আহ্বান মুহিতের

বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 02:16 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের একটি যৌথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী বলেন, "পরিবহন ও জ্বালানি খাতের উন্নয়নের জন্য আমাদের সরাসরি বিদেশি বিনিয়োগ ও সহযোগিতা দরকার।" জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রী ডির্ক নিয়েবেল এবং ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা বিষয়ক কমিশনার আন্দ্রিস পিয়েবাল্গস চার দিনের সফরে সোমবার ঢাকা পৌঁছান। মুহিত বলেন, বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কিন্তু এই খাতের উন্নয়নে ব্যাপক বিনিয়োগ দরকার। "আমরা কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিরও উদ্যোগ নিয়েছি। আশা করি, দুই থেকে আড়াই বছরের মধ্যে তা সম্ভব হবে।" বৈদেশিক লেনদেনে ভারসাম্যহীনতা কাটাতে বাংলাদেশের খাতওয়ারি সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি প্রতিনিধিদলকে জানান, "ব্যালেন্স অব পেমেন্ট নিয়ে কোনো সমস্যা ছিল না বলে বিশ্বমন্দার সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে অর্থ দিতে রাজি হয়নি। কিন্তু বাংলাদেশকে এখন ওই সমস্যা মোকাবেলা করতে হচ্ছে।" বাংলাদেশে আমদানির পাশাপাশি রপ্তানিও বেড়েছে উল্লেখ করে মুহিত বলেন, এতে করে লেনদেন ভারসাম্যের উপর চাপ সৃষ্টি হচ্ছে। বেসরকারি খাতকে প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, সরকার এই খাতে সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করে যাচ্ছে। আন্দ্রিস পিয়েবাল্গস বলেন, বিদেশি বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তিরও উন্নয়ন প্রয়োজন। তিনি বলেন, "এতোগুলো খাতের উন্নয়নের জন্য কেবল সাহায্য কখনোই যথেষ্ট হবে না। বিদেশি সহযোগিতার পরিমাণ জাতীয় প্রবৃদ্ধির প্রায় দুই শতাংশ হলেও বৈদেশিক বাণিজ্য থেকে আয়ের পরিমাণ জিডিপির প্রায় ১৮ শতাংশ। বেসরকারি খাতকে উন্নয়নের সবচে বড় নিয়ামক উল্লেখ করে জার্মান মন্ত্রী ডির্ক নিয়েবেল বলেন, "এ খাতের উন্নয়নেই আমরা সহযোগিতা বাড়াতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/জেকে/২০১১ ঘ.