ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষের এক ঘণ্টার লেনদেনের ওপর ভর করে চার দিন পর সূচক সামান্য উঠেছে ঢাকার পুঁজিবাজারে। সেই সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে বাজার মূলধন।
শুরুতে সূচক পড়তে থাকায় বিনিয়োগকারীরা দুপুরে রাস্তায় নেমে আসে এবং অর্থমন্ত্রী, ডিএসই সভাপতি ও এসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে।
সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার লেনদেন শুরুর পর থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পড়তে থাকে। প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমে যায়।
বেলা ১১টায় লেনদেন শুরুর পর প্রথম ১৫ মিনিটে সূচক ৩০ পয়েন্টের বেশি বাড়লেও পরের ২০ মিনিটে তা প্রায় ৫০ পয়েন্ট পড়ে। এরপর আবার সামান্য উঠলেও আরেক দফা পতনের পর ১২টা ৪০ এ সূচক ৫ হাজার ৬৪৭ দশমিক ৪৪ পয়েন্টে দাঁড়ায়, যা আগের দিনের চেয়ে ৩৯ দশমিক ২৭ পয়েন্ট কম। এ ধারা অব্যাহত ছিলো দুপুর ২টা পর্যন্ত।
দরপতনের প্রতিবাদে সোয়া ২টার দিকে ডিএসইর সামনে বিক্ষোভ শুরু করে বিনিয়োগকারীরা। এ সময় তারা অর্থমন্ত্রী, ডিএসই সভাপতি ও এসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে স্লোগান দিতে থাকেন।
এর কিছুক্ষণের মধ্যেই বাজারের চিত্র উল্টে যায়। সূচক ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি লেনদেন হওয়া শেয়ারের ঘরে দেখা যায় বেশিরভাগের দামই বেড়েছে।
দিন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৫ হাজার ৬৯৫ দশমিক ৭৭ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৫ পয়েন্ট বেশি। রোববার সাধারণ সূচক ৮৯ দশমিক ৪৫ পয়েন্ট কমে ৫৬৮৬ দশমিক ৭২ পয়েন্টের ঘরে অবস্থান করছিলো।
লেনদেন হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ৯৫টির। অপরিবর্তিত রয়েছে ১৭টির শেয়ারের দাম।
এদিন বেশিরভাগ শেয়ারের দাম বাড়লেও বাজার মূলধন খানিকটা কমেছে। হাতবদল হয়েছে মোট ৩৪১ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১৩ কোটি টাকা কম।
গত সপ্তাহের মঙ্গলবার থেকে ধারাবাহিকভাবে সূচক পড়ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/১৫৫৬ ঘ.
bdnews24