২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রসুনের পাইকারি দাম কমলেও খুচরা বাজারে প্রভাব নেই

চট্টগ্রামের পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। তবে পাইকারি বাজারে রসুনের দাম কমলেও এর প্রভাব নেই খুচরা বাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

মো. মহি উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। তবে পাইকারি বাজারে রসুনের দাম কমলেও এর প্রভাব নেই খুচরা বাজারে। পাইকারি ও খুচরা বাজারে রসুনের প্রতি কেজির দামে ব্যবধান ২০ থেকে ২৫ টাকা। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজে দুই থেকে চার টাকা বেড়েছে। আর খুচরা বাজারে বেড়েছে চার থেকে ছয় টাকা। পেঁয়াজের দাম বাড়ার প্রভাব খুচরা বাজারে পড়লেও রসুনের দাম কমার প্রভাব পড়েনি। নগরীর বৃহত্তম আড়ত ও পাইকারি বাজার চাক্তাইয়ে বৃহস্পতিবার প্রতি কেজি রসুন (বড় আকারের) ১১৫ টাকায় বিক্রি হলেও দুই কিলোমিটার দূরে অন্যতম প্রধান খুচরা বাজার রেয়াজুদ্দিন বাজারের তা বিক্রি হচ্ছে ১৪০ টাকা দরে। আড়তদার ও পাইকারি বিক্রেতাদের দাবি, এক সপ্তাহ ধরে পাইকারি বাজারে রসুনের দাম কমেছে। আর পেঁয়াজের দাম কেজি প্রতি দুই থেকে চার টাকা বেড়েছে। নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এখনো মূল্য হ্রাসের কোনো প্রভাবই পড়েনি। আড়তদার ও পাইকারদের অভিযোগ, খুচরা বিক্রেতাদের রসুন মজুদের প্রবণতার কারণেই এখনও দাম কমছে না। চাক্তাইয়ে পেঁয়াজ-রসুনের আড়তদার 'মক্কা করপোরেশন'র ব্যবস্থাপক মোহাম্মদ মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খুচরা বাজারে দাম না কমার সঙ্গে পাইকারি বাজারের তেমন কোনো সম্পর্ক নেই। চলতি বছরের এপ্রিলের শুরুর দিকে রসুনের দাম বাড়তে শুরু করে। তখন থেকেই খুচরা ব্যবসায়ীরা মজুদ বাড়াতে থাকে। মজুদ করা রসুন শেষ না হওয়ায় এখনো দাম কমছে না।" তিনি জানান, জুন মাসের শুরু থেকে রসুনের দাম কমতে শুরু করে। জুনের প্রথম সপ্তাহে প্রতি কেজি রসুন ১২৫ টাকায় বিক্রি হলেও গত সপ্তাহ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে দেশি পেঁয়াজের মওসুম না হওয়ায় এবং ভারত থেকে পেঁয়াজ আমদানি কিছুটা কমে যাওয়ায় পেঁয়াজের দাম বাড়ছে। বৃহস্পতিবার চাক্তাইয়ে পেঁয়াজ-রসুনের বিভিন্ন আড়ত ঘুরে দেখা যায়, প্রতি কেজি রসুন (চীনা) বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। এপ্রিলের শুরুর দিকে এ রসুন বিক্রি হয়েছিল ১৪০ টাকায়। এছাড়া দেশি রসুন প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দুই সপ্তাহ আগে ১৭ টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ (বড় আকারের) চলতি সপ্তাহে বিক্রি হয় ২১ টাকায়। রেয়াজুদ্দিন বাজারে খুচরা দোকানগুলোতে বুধবার প্রতি কেজি (চীনা) রসুন ১৪০ টাকা এবং দেশি রসুন ৯৫ থেকে ১০০ টাকা দরে বিক্রি হয়। ২১ টাকার পেঁয়াজ খুচরা বাজারে ২৫ থেকে ২৬ টাকা। রেয়াজুদ্দিন বাজারের হাজী স্টোরের বিক্রয় কর্মী মো. রুবেল এ সম্পর্কে বলেন, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেশি হওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। নগরীর বহদ্দারহাট 'গরীবুল্লাহ স্টোর'র ম্যানেজার রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাইকারি বাজারে দাম বাড়লে এর প্রভাব খুচরা বাজারেও পড়ে। কিন্তু দাম কমার প্রভাব খুচরা বাজারে খুব একটা পড়ে না। তিনি জানান, কম দামে কেনা পেঁয়াজও এখন বেশি দামে বিক্রি করা হচ্ছে। নগরীর কাজির দেউড়ি বাজারের 'খান ডিপার্টমেন্টাল স্টোর'র বিক্রয়কর্মী প্রদীপ চৌধুরী বলেন, পাইকারি বাজারে প্রতি কেজি রসুন ১১৫ টাকা হলেও খুচরা বাজারে ১৩৫ টাকার চেয়ে কমে বিক্রি করা সম্ভব নয়। তিনি যুক্তি দেখান, প্রতি কেজি রসুনের পাইকারি দাম ১১৫ টাকা হলেও গাড়ি ভাড়া, আড়ত খরচ এবং অন্যান্য খরচ মিলিয়ে ১৩৫ টাকার চেয়ে কমে খুচরা বাজারে বিক্রি করা যাবে না। এছাড়া রসুনের প্রতি বস্তায় এক থেকে দুই কেজি কম থাকে বলেও দাবি খুচরা ব্যবসায়ীদের। তবে খাতুনগঞ্জের পাইকারি ব্যবাসায়ীরা এ দাবি নাকচ করে দিয়ে বলেছেন, কেজি হিসেবেই মূল্য নির্ধারণ করা হয়। এরপর চাহিদা অনুযায়ী বাঁটখারায় মেপে রসুন দেওয়া হয়। ফলে বস্তায় এক থেকে দুই কেজি কম থাকার কোনো কারণ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এমসি/এইচএ/১৮৩৭ ঘ.