ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনভর উত্থান-পতনের মধ্য দিয়ে চললেও শেষ পর্যন্ত আগের দিনের চেয়ে সূচক খানিকটা কমেছে ঢাকার পুঁজিবাজারে। এদিন বেশিরভাগ শেয়ারের দাম কমার পাশাপাশি লেনদেন কম হয়েছে প্রায় সোয়া একশ' কোটি টাকা।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম দুই ঘণ্টা ওঠানামার মধ্যে ছিলো সূচক। তবে এই সময়ের মধ্যে সূচক আগের দিনের চেয়ে প্রায় ৩০ পয়েন্ট বাড়ে। এর পর থেকেই পড়তে থাকে সূচক। দিনশেষে সাধারণ সূচক দাঁড়ায় ৫৮১২ দশমিক ৮২ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৭ পয়েন্ট কম।
মঙ্গলবার সাধারণ সূচক কমেছিলো ৮৭ দশমিক ৪৩ পয়েন্ট।
সূচক কমার পাশাপাশি কমেছে বাজার মূলধনও। এদিন হাতবদল হয়েছে ৪৭৪ কোটি ৭১ লাখ ৯২ হাজার টাকার শেয়ার। আগের দিন এর পরিমাণ ছিলো ৬০৬ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকা।
লেনদেন হওয়া মোট ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১১টির এবং কমেছে ১৩০টির। অপরিবর্তিত ছিলো ১২টির দাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এএল/১৬১৬ ঘ.
bdnews24