ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে 'বাই ব্যাক' পদ্ধতি চালু করার লক্ষ্যে ৭ জুলাইয়ের মধ্যে খসড়া চূড়ান্ত করতে একটি ওয়ার্কিং গ্র"প তৈরি করেছে সরকার।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে বাণিজ্য সচিব গোলাম হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আজকের সভায় একটি ওয়ার্কিং গ্র"প তৈরি করে দেওয়া হয়েছে। এ গ্র"পের নেতৃত্ব দেবে এফবিসিসিআই। তারা বাই ব্যাক পদ্ধতির বিষয়ে খোঁজখবর নিয়ে ৭ জুলাইয়ের মধ্যে খসড়া চূড়ান্ত করবে।"
প্রিমিয়ামসহ কোনো শেয়ার বাজারে আসার পর তার দাম প্রাথমিক মূল্যের চেয়ে কমে গেলে ওই কোম্পানিকে বাজার থেকে শেয়ার কিনে নিতে বাধ্য করার নিয়মই হলো 'বাই ব্যাক'। গত ডিসেম্বর-জানুয়ারিতে পুঁজিবাজারে ব্যাপক অস্থিরতার মুখে এ নিয়ম চালুর ঘোষণা দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বলা হচ্ছে, এ পদ্ধতি চালু হলে বিনিয়োগকারীরা বড় ধরনের লোকসান থেকে রক্ষা পাবেন।
গত ৭ মার্চ অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, কোম্পানি আইন সংশোধনের মাধ্যমে এতে বাই ব্যাক করার নিয়ম অন্তর্ভুক্ত করে তা সংসদে পাসের জন্য উপস্থাপন করা হবে।
এ পদ্ধতির জন্য খসড়া প্রস্তুতে গঠিত ওয়ার্কিং গ্র"পে এফবিসিসিআই ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), বাংলাদেশ ব্যাংক ও ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রতিনিধিরা থাকবেন।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, আইসিএমএবি, এসইসি, ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এবং অফিস অব দি রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস বাই ব্যাক প্রবর্তনের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে মতামত জানিয়েছিল।
সচিব বলেন, "তারা (ওয়ার্কিং কমিটি) আগের মতামত দেখবে। যেহেতু আমাদের দেশে এ পদ্ধতি নেই, তাই বিভিন্ন দেশে কীভাবে এ পদ্ধতি পরিচালিত হচ্ছে তা খতিয়ে দেখে বিষয়টি চূড়ান্ত করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২০০৯ ঘ.
bdnews24