২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রপ্তানিতে কর বৃদ্ধি পোশাক খাতে সংকট বাড়াবে'

বাজেটে রপ্তানিকারকদের উৎসে আয়কর বাড়ানোর প্রস্তাব করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি বলেছেন, এতে করে তৈরি পোশাক রপ্তানিতে বিরূপ প্রভাব পড়তে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 01:52 PM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেটে রপ্তানিকারকদের উৎসে আয়কর বাড়ানোর প্রস্তাব করায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি বলেছেন, এতে করে তৈরি পোশাক রপ্তানিতে বিরূপ প্রভাব পড়তে পারে। মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে লতিফ সিদ্দিকী বলেন, তৈরি পোশাক খাত একটি কঠিন সময় পার করছে। এই পরিস্থিতিতে বাড়তি কর হবে কাটা ঘায়ে নুনের ছিটার মতো। বিভিন্ন বেসরকারি সংস্থা পোশাক খাতে 'সমস্যা' সৃষ্টি করছে উল্লেখ করে বস্ত্র মন্ত্রী বলেন, "একটি মহল এই খাতকে ধ্বংস করতে চাইছে।" উৎসে কর বৃদ্ধির প্রস্তাব ভারসম্যপূর্ণ হয়নি উল্লেখ করে লতিফ সিদ্দিকী বলেন, "আমি এই প্রস্তাব পুনর্বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।" অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ৯ জুন জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। এতে রপ্তানিকারকদের রপ্তানিমূল্যের ওপর উৎসে আয়কর সংগ্রহের হার দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করেন তিনি। এ প্রসঙ্গে পাট ও বস্ত্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তুলার দাম এখন খুবই অস্থির। এর প্রভাবে সুতার দামও বাড়ছে। ফলে দেশের তৈরি পোশাক খাতকেও এই সংকট মোকাবিলা করতে হচ্ছে। এই অবস্থায় তৈরি পোশাক খাতে প্রণোদনা সহায়তা দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। চাষিরা ন্যায্যমূল্য পাওয়ায় দেশের পাট খাত আবার জেগে উঠতে শুরু করেছে উল্লেখ করে পাটমন্ত্রী লতিফ বলেন, "এই খাতে শুল্ক আরোপ না করায় আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কিন্তু শুধু এটুকুই যথেষ্ট নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৯৪২ ঘ.