ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের দুটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
সোমবার জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, "আগামী ১৬ জুন কনকো-ফিলিপসের সঙ্গে এই চুক্তি হওয়ার কথা। তবে আমি মনে করি, এই চুক্তি করা সরকারের উচিৎ হবে না।"
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকাল ৫টার পর দিনের কার্যসূচি শুরু হয়।
সরকারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পরিকল্পনার কথা উল্লেখ করে এই সাংসদ বলেন, কনকো ফিলিপসের সঙ্গে চুক্তি হলে মডেল পিএসসি অনুযায়ী বাংলাদেশ ২০ শতাংশ গ্যাস পাবে। বাকি ৮০ শতাংশ গ্যাস নির্দিষ্ট দরে কিনে নিতে হবে। বাংলাদেশ ওই গ্যাস কিনতে না পারলে কনকো-ফিলিপস তা রপ্তানি করতে পারবে।
"এটি একটি পরিহাস যে, সরকার যখন এলএনজি আমদানির পরিকল্পনা করছে, ঠিক তখনই গ্যাস রপ্তানির শর্তে একটি বহুজাতিক কোম্পানির সঙ্গে চুক্তি হচ্ছে।"
রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান বাপেক্সের গ্যাস অনুসন্ধানের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় সরকার বহুজাতিক কোম্পানির চাপে নত হতে বাধ্য হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
গত ২৩ মে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি যুক্তরাষ্ট্রভত্তিক কোম্পানি কনকো-ফিলিপসের সঙ্গে পিএসসি চুক্তি অনুমোদন করে। এরপর ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, ১৬ জুন কনকো-ফিলিপসের সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তি (প্রডাকশন শেয়ারিং কন্ট্রাকট-পিএসসি) করবে সরকার।
বিগত তত্ত্বাবধায়ক সরকার মডেল পিএসসি-২০০৮ প্রণয়ন করে। ওই মডেলের আলোকে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে ২০০৮ সালে বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য কনকো-ফিলিপসকে নির্বাচিত করা হয়।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি শুরু থেকেই এ চুক্তির বিরোধিতা করে আসছে। সরকারের এ উদ্যোগের প্রতিবাদে ১৪ জুন জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৯২৩ ঘ.
bdnews24