ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের প্রথম দিনে ব্যাপক দরপতন হলেও দ্বিতীয় দিনে চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এদিন সূচক উঠেছে ২২৮ পয়েন্ট। বেড়েছে লেনদেন হওয়া প্রায় সবকয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ব্রোকারেস হাউসগুলো লেনদেনে অংশ নেওয়ায় সোমবার সকাল ১১টায়ই যথারীতি চালু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
লেনদেনের শুরু থেকেই সূচকের ঊর্ধ্বগতি দেখা যায়। সাড়ে ১১টার দিকে সূচক খানিকটা পড়লেও আধঘণ্টার মধ্যেই তা আবার উঠতে থাকে। লেনদেন শেষ হওয়া পর্যন্ত সূচকের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত ছিলো। দিন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৫৯০৪ দশমিক ৭৩ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২২৮ দশমিক ৪৪ পয়েন্ট বেশি।
রোববার এ বাজারে সূচক কমেছিলো ৩১৩ পয়েন্ট।
এ ছাড়া ডিএসইতে ৫৬৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনে লেনদেনের পরিমাণ ছিলো ৫৯৬ কোটি টাকা।
লেনদেন হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৪৭টির, কমেছে সাতটির।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের উদ্যোগের প্রতিবাদে বিএনপি ও জামায়াতে ইসলামী টানা ৩৬ ঘণ্টার হরতাল দেয়, যা শেষ হবে সোমবার সন্ধ্যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/এএল/১৬১৭ ঘ.
bdnews24