২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিদেশি ঋণ অনুমোদন

দুটি বিদ্যুত কেন্দ্রের জন্য ৪ কোটি ৫৫ লাখ ডলারের বিদেশি ঋণ অনুমোদন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি বিদ্যুত কেন্দ্রের জন্য ৪ কোটি ৫৫ লাখ ডলারের বিদেশি ঋণ অনুমোদন করেছে সরকার। রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে বেসরকারি খাতে বৈদেশিক ঋণ/সরবরাহকারী ঋণ অনুমোদন সংক্রান্ত বাছাই কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক মরিশাস ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ার লিমিটেডকে ২ কোটি ৬০ লাখ ডলার এবং খান জাহান পাওয়ার লিমিটেড ল্যান্ডমার্ককে ১ কোটি ৯৫ লাখ ডলার ঋণ দেবে। এই ঋণের জন্য লাইবর (লন্ডন আন্তঃব্যাংক সুদ হার) এর সঙ্গে আরো ৪ শতাংশ হারে সুদ দিতে হবে প্রতিষ্ঠান দুটিকে। গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের উদ্যোক্তারা এ ধরনের ঋণ নিলে একদিকে তারা কম সুদে ঋণ পাবে, অন্যদিকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ কম পড়বে।" এর ব্যখ্যা দিতে গিয়ে তিনি বলেন, "আমাদের ব্যাংকগুলোর সুদ হার অনেক বেশি। বিদেশি ব্যাংকগুলোর কাছ থেকে লাইবর রেটের সঙ্গে ৪ শতাংশ যোগ করে মোটামুটি কম সুদে ঋণ পাওয়া যায়। আর এ ধরনের ঋণ সরাসরি ডলারে আসে। ঋণগ্রহীতা প্রতিষ্ঠান যন্ত্রপাতি বা কাঁচামাল আমদানির জন্য প্রয়োজন ডলার ঋণের অর্থেই পরিশোধ করতে পারবে। সেক্ষেত্রে আমদানি দেনা মেটানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা খরচ করতে হবে না।" প্রধানমন্ত্রীর কার্যালয়, বিনিয়োগ বোর্ড এবং অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএসজেড/জেকে/২০৩৪ ঘ.