ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসে খাদ্যদ্রব্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসায়ী প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর আহ্বানে ইতিবাচক সাড়া দিয়ে রমজান মাসে জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্র"তি দেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী মো. ফারুক খান, সংসদ সদস্য মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগ সভানেত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং এফবিসিসিআই সভাপতি এ কে আজাদসহ ব্যবসায়ী প্রতিনিধিরা এই মতবিনিময় সভায় অংশ নেন।
প্রেস সচিব জানান, বিএনপি ও জামায়াতে ইসলামী রবি ও সোমবার হরতাল ডাকায় ব্যবসায়ী নেতারা মত বিনিময় সভায় এর সমালোচনা করেন এবং হরতালের সময় কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। প্রধানমন্ত্রী তাদের বলেন, হরতালের সময় ভ্রাম্যমাণ আদালত থাকবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবিধান সংশোধন কমিটির সুপারিশের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে রোববার সকাল থেকে দেশব্যাপী টানা ৩৬ ঘণ্টা এই হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামী। ইসলামী ঐক্যজোটের একাংশ এই কর্মসূচিকে সমর্থন দিয়েছে। এছাড়া ওলামা মাশায়েখ পরিষদ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ইতোমধ্যে সংবাদ সম্মেলন করে এই হরতাল কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
প্রেস সচিব জানান, মতবিনিময় অনুষ্ঠানে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা করেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।
বাংলাদেশকে আত্মমর্যাদাশীল একটি দেশ হিসেবে গড়ে তুলতে সরকারের উদ্যোগকে সফল করার জন্য ব্যবসায়ীদের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরকার বাতিল করেনি। সরকার কেবল উচ্চ আদালতের রায় বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে বিরোধী দলের কোনো মতামত থাকলে তারা তা সংসদে এসে দিতে পারে।
'হরতালের নামে' জনগণের দুর্ভোগ বৃদ্ধি না করার জন্য বিরোধীদলের প্রতি আহবান জানান শেষ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/০০৩০ ঘ.
bdnews24