ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেটে ২০১৩ সাল পর্যন্ত কর অবকাশ সুবিধা চেয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
প্রস্তাবিত বাজেটে শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে ১৭টি খাত এবং অবকাঠামো উন্নয়ন ক্ষেত্রে আটটি খাতে কর অবকাশ সুবিধা দেওয়া হলেও তৈরি পোশাক শিল্প এর আওতায় পড়েনি।
বৃহস্পতিবার বিজিএমইএ'র এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "কর অবকাশের তালিকার মধ্যে পোশাক ও বস্ত্র শিল্পকে রাখা হয়নি।"
তারা মনে করছেন, বেসরকারি খাতে সর্ববৃহৎ কর্মসংস্থানকারী ও ৭৮ ভাগ বৈদেশিক মুদ্রা অর্জনকারী পোশাক শিল্পখাতকে কর অবকাশের তালিকাভুক্ত করা হলে দরিদ্র জনগোষ্ঠির জন্য আরও কর্মসংস্থান সৃষ্টি হবে, রপ্তানি বৃদ্ধি পাবে, অর্থনীতি উপকৃত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সঙ্গে এ শিল্পে উৎসে আয়কর কর্তনের হার ০.৪ শতাংশ থেকে বৃদ্ধি করে ১.৫ শতাংশ করায় পোশাক শিল্পের অবস্থা আরও সঙ্গীন হবে।
২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগবান্ধব এবং জনকল্যাণমুখী বাজেট হিসেবে অভিহিত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে বাজেট প্রস্তাবনায় বিদ্যুৎ ও জ্বালানি এবং সার্বিক যোগাযোগ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে যা উৎপাদন এবং বিনিয়োগকে উৎসাহিত করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/০০৪৩ ঘ.
bdnews24