ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি একে আজাদ বলেছেন, আগামী অর্থবছরে রপ্তানি মূল্যের ওপর উৎসে কর তিনগুণ বৃদ্ধি ঠিক হয়নি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার বিকেলে সংসদে ২০১১-১২ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপনের পর রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন আজাদ।
প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী সব রপ্তানিকারকদের রপ্তানি মূল্যের ওপর উৎসে কর সংগ্রহের হার ০.৪০ শতাংশ বা ০.৫০ শতাংশের পরিবর্তে ১.৫০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেন।
প্রস্তাবিত নতুন করহার প্রত্যাহারের দাবি জানান এফবিসিসিআই সভাপতি।
একে আজাদ বলেন, রপ্তানি মূল্যের ওপর উৎসে কর তিনগুণ বৃদ্ধি করায় দেশি ব্যবসায়ীরা রপ্তানির ক্ষেত্রে নিরুৎসাহিত হবে এবং বিদেশি বিনিয়োগকারীরাও বিনিয়োগের আগ্রহ হারাবে। এ কারণে আমরা রপ্তানি মূল্যের ওপর উৎসে কর বৃদ্ধি না করার দাবি জানাচ্ছি।
বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিশাল বরাদ্দ কখনো পুরোপুরি খরচ হয় না- এ কথা উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ আরও কম রাখা যেতে পারে যা প্রকৃতপক্ষে খরচ করা সম্ভব হবে।
পানি বিশুদ্ধকরণ শিল্পে ব্যবহৃত রাসায়নিকের ওপর থেকে কর প্রত্যাহার এবং এনার্জি সেভিং বাল্বের কর হ্রাস করাকে তিনি প্রস্তাবিত বাজেটের একটি ভাল দিক হিসাবে অভিহিত করেন আজাদ।
তিনি বলেন, ফার্নিচার শিল্পে কর হ্রাস করায় এ শিল্প উৎসাহিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২২৫০ ঘ.
bdnews24