২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ খাতে কর অবকাশ ২ বছর বৃদ্ধির প্রস্তাব

কৃষি সংশ্লিষ্ট শিল্প, জ্বালানি ও বিদ্যুৎ, জনসংখ্যা সমস্যা নিরসনসহ পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য ১৭টি খাতে ২০১৩ সালের জুন পর্যন্ত কর অবকাশ সুবিধা দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 04:20 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি সংশ্লিষ্ট শিল্প, জ্বালানি ও বিদ্যুৎ, জনসংখ্যা সমস্যা নিরসনসহ পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য ১৭টি খাতে ২০১৩ সালের জুন পর্যন্ত কর অবকাশ সুবিধা দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের এ বাজেট প্রস্তাব উপস্থাপন করেন তিনি। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, "বিদ্যমান কর অবকাশে সময়সীমা ২০১১ সালের ৩০ জুন শেষ হবে। কর অবকাশের মেয়াদ ২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করার এবং একইসঙ্গে শিল্পনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্দিষ্ট খাত ও এলাকার জন্য এ সুবিধা রাখার প্রস্তাব করছি।" তবে জনসংখ্যার চাপ কমানো, যানজট নিরসন ও পশ্চাৎপদ এলাকায় নতুন নতুন শিল্প স্থাপনে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম জেলায় নির্দিষ্ট আটটি খাতের বাইরে বিনিয়োগ করলে কর অবকাশ সুবিধা না দেওয়ার প্রস্তাব করেছেন মুহিত। ভৌত অবকাঠামোর এ আটটি খাতের মধ্যে রয়েছে- র‌্যাপিড ট্রান্সপোর্ট, টোল রোড, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গভীর সমুদ্র বন্দর, আইটি পার্ক, হাইটেক পার্ক, রিনিউয়েবল এনার্জি ও আইসিটি ভিলেজ বা সফটওয়্যার টেকনোলজি জোন। এই আটটি খাতে বিনিয়োগ করলে কর অবকাশের মেয়াদ বর্তমানের পাঁচ ও সাত বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, অন্যান্য এলাকার সঙ্গে সামঞ্জস্য রেখে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) ২০১২ সালের ১ জানুয়ারির পর প্রতিষ্ঠিত শিল্পের ক্ষেত্রে ১০ বছরের কর অবকাশ সুবিধা দেওয়ার প্রস্তাব করছি। তবে ২০১২ সালের আগে প্রতিষ্ঠিত শিল্পের ক্ষেত্রে পাঁচ থেকে সাত বছর এ সুবিধা বহাল রাখার কথা বলেন অর্থমন্ত্রী। বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও তিন পার্বত্য চট্টগ্রাম ছাড়া) প্রথম দুই বছরে কর অবকাশের হার ১০০ শতাংশ, পরবর্তী দুই বছরে ৫০ শতাংশ এবং তার পরের এক বছরে ২৫ শতাংশ। অন্যান্য বিভাগ ও তিন পার্বত্য জেলার জন্য প্রথম তিন বছরে কর অবকাশের হার ১০০ শতাংশ, পরবর্তী তিন বছর ৫০ শতাংশ এবং তার পরের বছর ২৫ শতাংশ। ভৌত অবকাঠামোর আটটি খাতে বিনিয়োগ করলে ১০ বছরের যে কর অবকাশ সুবিধা পাওয়া যাবে, তার মধ্যে প্রথম পাঁচ বছর ১০০ শতাংশ, পরের তিন বছর ৫০ শতাংশ এবং তার পরের দুবছর ২৫ শতাংশ প্রযোজ্য হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২২১২ ঘ.