২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগবান্ধব বাজেট, বললো চট্টগ্রাম চেম্বার

প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

চট্টগ্রাম, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীম। তিনি বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় বলেন, ঘোষিত বাজেট দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণ ও বিকাশ, কর্মসৃজন ও কার্যকর অর্থে ব্যবসা ও বিনিয়োগবান্ধব। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ ধরে আগামী অর্থবছরের জন্য ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেট সংসদে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যাতে ৪৫ হাজার কোটি টাকার ঘাটতি থাকছে। চট্টগ্রাম চেম্বারের সভাপতি বলেন, যোগাযোগ খাতের উন্নয়ন, ব্যক্তি খাতে শিল্প বিকাশে সরকারের সহায়ক ভূমিকা, পর্যটন শিল্পের বিকাশ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ইত্যাদি নিয়ে একটি জনবান্ধব ও অর্থনৈতিক উন্নয়নে গতিশীল বাজেট ঘোষণা করা হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে ভৌত অবকাঠামো খাতে অধিকতর বেসরকারি বিনিয়োগ আকর্ষণের নীতিমালা সচল রাখার প্রশংসাও করেন তিনি। খাদ্যদ্রব্য, ওষুধ, তুলা ও সারের ওপর শূন্য শতাংশ শুল্ক অব্যাহত রাখা, এলপি গ্যাস সিলিন্ডার আমদানির ওপর শুল্ক হ্রাস এবং সিগারেটের ওপর শুল্ক হার বাড়নোর প্রস্তাব যৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বার্থ সংরক্ষণের জন্য মূসকের হার কমানোর জন্যও চেম্বার সভাপতি সরকারকে ধন্যবাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১২৯ ঘ.