ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচিত সরকারি-বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) খাতে আগামী অর্থবছরেও ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রাখা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের এই বাজেট প্রস্তাব উপস্থান করেন।
চলতি ২০১০-১১ অর্থবছরের বাজেটেও এ খাতে একই পরিমাণ অর্থ বরাদ্দ রাখা হয়েছিল।
গত ২০০৯-১০ অর্থবছরের বাজেটে পিপিপি উদ্যোগের মাধ্যমে দেশে বড় বড় প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেন অর্থমন্ত্রী। সেজন্য ২ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রেখেছিলেন তিনি। কিন্তু ওই অর্থবছর কোনো টাকা খরচ হয়নি।
এখন পর্যন্ত পিপিপি উদ্যোগে দেশে কোনো প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়নি।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, "পিপিপি উদ্যোগ বাস্তবায়নে বিনিয়োগের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিবেচনায় এ তহবিলে আমরা ইতোমধ্যে ১ হাজার ৬০০ কোটি টাকা প্রদান করেছি। আগামী অর্থবছরের বাজেটে আরো ২ হাজার ৫০০ কোটি টাকা টাকা বরাদ্দের প্রস্তাব করছি।
"এছাড়া পিপিপি প্রকল্পের কারিগরি সহায়তার জন্য আগামী বাজেটে ১০০ কোটি টাকা এবং বাণিজ্যিকভাবে আপাতত অলাভজনক কিছু অর্থনৈতিক উন্নয়ন ও জনসেবার জন্য গুরুত্বপূর্ণ পিপিপি প্রকল্পগুলোতে 'ভায়াবিলিটি গ্যাপ ফান্ড' হিসেবে ৪০০ কোটি টাকা রাখার প্রস্তাব করছি।"
ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভিাগ থেকে পিপিপি প্রকল্পের জন্য কারিগরি সহায়তা ও 'ভায়াবিলিটি গ্যাপ'- এর জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব আসতে শুরু করেছে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২১১৭ ঘ.
bdnews24