২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে ২৭৭৬ কোটি টাকা

নতুন অর্থবছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দুই হাজার ৭৭৬ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 03:13 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থবছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দুই হাজার ৭৭৬ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী ২০১১-১২ অর্থবছরে এই খাতে সরকারের ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৯৫৫ কোটি টাকা, যা অর্থবছরের এক লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেটের ৭.৩ শতাংশ। বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। আগামী অর্থবছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দের মধ্যে অনুন্নয়ন রাজস্ব খাত থেকে আসবে আট হাজার ৫৭৮ কোটি টাকা এবং অনুন্নয়ন মূলধন খাত থেকে দুই হাজার ৬৮৭ কোটি টাকার যোগান দেওয়া হবে। চলতি ২০১০-১১ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছিলো ৯ হাজার ১৭৯ কোটি টাকা, যা ওই অর্থবছরের এক লাখ ৩২ হাজার কোটি টাকার মোট বাজেটের ৬.৯ শতাংশ ছিল। সংশোধিত বাজেটে ওই বরাদ্দ বাড়িয়ে ৯ হাজার ৩২২ কোটি টাকা করা হয়। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, "দেশের প্রতিরক্ষা সামর্থ্য বৃদ্ধিতে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের কোনো বিকল্প নেই।" তিনি বলেন, "বিগত বাজেট বক্তৃতায় আমাদের ঘোষিত প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের উদ্যোগ হিসেবে আমরা তিন বাহিনীর অপারেশনাল সামর্থ্য ও কার্যক্ষমতা বৃদ্ধিকল্পে উন্নত প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি। পাশাপাশি আধুনিক অস্ত্রশস্ত্র ও প্রযুক্তিনির্ভর সমরসম্ভার সংগ্রহ ও অন্যান ্যসুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টাও অব্যাহত রাখা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/টিএইচ/জেকে/২১০৬ ঘ.