২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রানজিটের জন্য মাশুল আদায় করা হবে: অর্থমন্ত্রী

ট্রানজিট সুবিধার বিনিময়ে প্রতিবেশি দেশগুলোর কাছ থেকে যৌক্তিক হারে মাশুল আদায় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রানজিট সুবিধার বিনিময়ে প্রতিবেশি দেশগুলোর কাছ থেকে যৌক্তিক হারে মাশুল আদায় করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি বলেন, "আমরা ট্রানজিট পরিবহনের জন্য বাংলাদেশকে উন্মুক্ত দেখতে চাই। এই ট্রানজিট পরিবহনের সুবিধা পেতে আমাদেরকে প্রতিবেশি দেশ ভারতসহ নেপাল, ভুটান, মিয়ানমারের সঙ্গে এমনকি অদূর ভবিষ্যতে চীন ও থাইল্যান্ডের সঙ্গেও যৌথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।" ট্রানজিট সুবিধা দেওয়ার ফলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশ একটি অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে পারে বলে মন্তব্য করেন মুহিত। "ভৌগলিকভাবে বাংলাদেশ ট্রানজিটের দেশ। রেলপথ ও নদীপথে ট্রানজিট পরিবহন সীমিত আকারে বহুদিন ধরে চলে আসছে।" বর্তমান ব্যবস্থা অনুযায়ী ট্রানজিট মাশুল হিসেবে থোক বরাদ্দ ছাড়াও ট্রান্সশিপমেন্ট খরচ আদায়ের যথাযথ নিয়ম রয়েছে- এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "সড়ক ও সেতু যোগাযোগ উন্নয়নের ফলে এখন সড়কপথে ট্রানজিট পরিবহনের সুযোগ সৃষ্টি হয়েছে।" ২০১১-১২ অর্থবছরের জন্য এক লাখ ৬৩ হাজার পাঁচশ ৮৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে বৃহস্পতিবার। এর মধ্যে মোট আয় ধরা হয়েছে এক লাখ ২৩ হাজার তিনশ ২৩ কোটি টাকা। ৪৫ হাজার দুশ চার কোটি টাকা ধরা হয়েছে ঘাটতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/২০৩৫ ঘ.