ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৮ হাজার ৩১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা এই খাতে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ১৫ শতাংশ বেশি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন।
চলতি ২০১০-১১ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৬ হাজার ১১৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। তবে তা সংশোধনের পর বরাদ্দ দাঁড়ায় ৭ হাজার ২৫৬ কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন, "বিদ্যুৎ সংকট নিরসনে ২০১৩ সালের মধ্যে অতিরিক্ত ৭ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।"
তিনি জানান, বর্তমানে সরকারি ও বেসরকারি খাতে প্রায় ২ হাজার ৫৪৭ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ২৯টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এছাড়া প্রায় ৪ হাজার ১৬৬ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ৩১টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের দরপত্র প্রক্রিয়া চলছে।
মন্ত্রী বলেন, "ইতোমধ্যে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি প্রাক সমীক্ষা হয়েছে। সে অনুযায়ী ২০১৪ সালের পর কয়লাকে মূল জ্বালানি বিবেচনা করে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।"
আগামী অর্থবছরে বিদ্যুৎ সাশ্রয়ী (সিএফএল) বাতি দিয়ে প্রায় ২ কোটি ৮০ লাখ সাধারণ বৈদ্যুতিক বাতি প্রতিস্থাপন করা হবে বাজেট বক্তৃতায় জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, "ভবিষ্যতে বাসা-বাড়িতে রান্নার জন্য দেশের সব এলাকায় প্রাকৃতিক গ্যাসের সংযোগ দেওয়া সম্ভব হবে না। তাই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সহজলভ্য করার পদক্ষেপ নেওয়া হয়েছে।"
এছাড়া বিদ্যুৎ উৎপাদনের বিকল্প জ্বালানি হিসেবে ২০১২ সালের মধ্যে কাতার থেকে দৈনিক ৫০০ ঘনফুট গ্যাসের সমপরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৯২২ ঘ.
bdnews24