২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম কমিয়ে তালিকভুক্ত হচ্ছে মবিল যমুনা

বুকবিল্ডিং পদ্ধতিতে বাজারে আসা মবিল যমুনা লুব্রিকেন্টস বাংলাদেশ লিমিটেডকে (এমজেএল) বরাদ্দমূল্য কমানোর শর্তে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 03:16 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুকবিল্ডিং পদ্ধতিতে বাজারে আসা মবিল যমুনা লুব্রিকেন্টস বাংলাদেশ লিমিটেডকে (এমজেএল) বরাদ্দমূল্য কমানোর শর্তে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। শর্ত অনুযায়ী এ কোম্পানির প্রতিটি শেয়ারের বরাদ্দমূল্য ১৫২ টাকা ৪০ পয়সা থেকে কমিয়ে ১১৫ টাকা করা হবে। বাকি টাকা রিফান্ড ওয়ারেন্টের মাধ্যমে বিনিয়োগকারীদের ফেরত দিতে হবে। বুধবার বিকালে ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকের পর সভাপতি শাকিল রিজভী সাংবাদিকদের বলেন, "বিনিয়োগকারীদের স্বার্থের কথা ভেবে মবিল যমুনাকে শর্তসাপেক্ষে তালিকাভুক্তির সিদ্ধান্ত নিয়েছে ডিএসই বোর্ড।" ডিএসইর শর্তে বলা হয়েছে, শেয়ারের বরাদ্দমূল্য কমিয়ে বাকি টাকা বিনিয়োগকারীদের ফেরত দেওয়ার পর ডিএসইকে জানালে লেনদেন প্রক্রিয়া শুরু করা হবে। তবে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এর আগে মবিল যমুনার তালিকাভুক্তির জন্য ক্ষতিপূরণের যে শর্ত দিয়েছিল, তা তুলে নিতে হবে। শাকিল রিজভী বলেন, "এর মাধ্যমে বিনিয়োগকারীদের ঝুঁকি কমে আসবে।" মবিল যমুনার ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"অনেক আলোচনার পরে তালিকাভুক্তির জন্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজারের কথা বিবেচনা করেই আমরা (বরাদ্দ মূল্যের) একটি অংশ ফেরত দিতে সম্মত হয়েছি। এই টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে ১৫ দিনের মতো সময় লাগবে। তারপরই লেনদেন শুরু করা যাবে বলে আশা করছি আমরা।" তিনি জানান, বরাদ্দমূল্য ১১৫ টাকা নিধারণ করায় মবিল যমুনার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬ টাকা ৮৪ পয়সা এবং মূল্য ও আয়ের অনুপাত (পিই) ১৬ টাকা ৮১ পয়সায় দাঁড়াবে। ডিএসই প্রধান নির্বাহী কর্মকর্তা সতিপতী মৈত্র বলেন, এর আগে এসইসি মবিল যমুনাকে তালিকাভুক্তির যে শর্ত দিয়েছিল তাতে বলা ছিল- ছয় মাসের মধ্যে দাম বরাদ্দমূল্যের নিচে নেমে গেলে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে হবে। তিনি বলেন, "ডিএসই বোর্ডসভার সিদ্ধান্ত এসইসিকে জানানো হবে। এসইসির ওই শর্ত তুলে নিলে এবং টাকা রিফান্ড শেষ হলেই ডিএসইতে মবিল যমুনার লেনদেনের ব্যবস্থা করা হবে।" চলতি বছরের জানুয়ারিতে বুকবিল্ডিং পদ্ধতির মাধ্যমে বাজার থেকে ৬০৯ কোটি টাকার তহবিল সংগ্রহ করে মবিল যমুনা। ১০ টাকা অভিহিত মূল্যের প্রত্যেক শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে ১৪২ টাকা ৪০ পয়সা প্রিমিয়াম আদায় করে তারা। ফলে তাদের পিই রেশিও (শেয়ার অনুপাতে আয়) দাঁড়ায় ৭০। এই দর 'অতিমূল্যায়িত' বলে ব্যাপক সমালোচনা শুরু হলে ২০ জানুয়ারি অর্থমন্ত্রীর নির্দেশে বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত করে এসইসি। ২৩ জানুয়ারি মবিল যমুনার আইপিও (প্রাথমিক দর প্রস্তাব) প্রক্রিয়াও স্থগিত করা হয়। একই প্রক্রিয়ায় বাজারে আসা অপর প্রতিষ্ঠান এমআই সিমেন্টের (ক্রাউন সিমেন্টের) শেয়ার লেনদেন গত ৮ মে শুরু হয়েছে। ছয় মাসের মধ্যে শেয়ারের দাম বরাদ্দমূল্যের নিচে নেমে গেলে ক্ষতিপূরণ দেওয়ার শর্তে তালিকাভুক্ত করা হয় এমআই সিমেন্টকে হয়েছে। এ কোম্পানির আইপিও মূল্য ১১১ টাকা ৬০ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/২১১০ ঘ.