ফরিদপুর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগে বরাদ্দ পাওয়া ইউরিয়া সার বেশি দামে বিক্রি করায় ফরিদপুরে দুই বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর ১২টার দিকে ওলিয়ার রহমান (৪৫) এবং গোপাল বিশ্বাস (৪২) নামে দুই বিক্রেতাকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
তারা ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের বিলআড়ালিয়া বাজারের বিক্রেতা।
মঙ্গলবার ইউরিয়া সারের দাম কৃষক পর্যায়ে প্রতি কেজিতে আট টাকা বাড়িয়ে ২০ টাকা করা হয়। বুধবার থেকে এই দাম কার্যকর হয়েছে। তবে আগে থেকে মজুদ থাকা সারের ক্ষেত্রে এই বর্ধিত দাম কার্যকর হবে না।
মধুখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ওই দুই সার বিক্রেতা কে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইউরিয়া সারের দাম বৃদ্ধি কার্যকর হবে জুন মাসের বরাদ্দ পাওয়ার পর। কিন্তু মে মাসের বরাদ্দ সার বেশি দামে বিক্রির দায়ে ওই দুই সার বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০১৫ ঘ.
bdnews24