২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুদে থাকা ইউরিয়া সার আগের দামে বিক্রির নির্দেশ

দাম বাড়ানো হলেও মজুদে থাকা অবিক্রিত ইউরিয়া সার কৃষকদের কাছে আগের দামেই বিক্রি করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাম বাড়ানো হলেও মজুদে থাকা অবিক্রিত ইউরিয়া সার কৃষকদের কাছে আগের দামেই বিক্রি করতে হবে। জেলা সার ও বীজ মনিটরিং কমিটিকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার ইউরিয়া সারের দাম কৃষক পর্যায়ে প্রতি কেজিতে আট টাকা বাড়িয়ে ২০ টাকা করা হয়। ১ জুন থেকেই এই দাম কার্যকর হয়েছে। কৃষি অর্থনীতি গবেষণা অধিশাখার উপ-প্রধান মো. মোশাররফ হোসেন (উপ-সচিব) বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার থেকে নতুন দাম কার্যকর করার কথা বলা হলেও ডিলার পর্যায়ে উত্তোলিত কিন্তু ১ জুন পর্যন্ত অবিক্রিত মজুদকৃত ইউরিয়া সার কৃষক পর্যায়ে আগের দামে বিক্রির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।" ১ জুনের পর সরবরাহ ও গ্রহণকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে নতুন দামে বিক্রি করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ৩১ মে'র হিসাব অনুযায়ী বর্তমানে দেশে ছয় লাখ ৩৭ হাজার আটশ ১৯ মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে। ইউরিয়ার দাম বৃদ্ধি সম্পর্কে মোশাররফ বলেন, আন্তজার্তিক বাজারে মূল্য বৃদ্ধি এবং অন্যান্য সারের সঙ্গে ইউরিয়ার দামের ভারসাম্য আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবছর দেশে ৩০ লাখ মেট্রিকটন ইউরিয়া সারের প্রয়োজন হয়। এরমধ্যে ৯ লাখ টনের মতো ইউরিয়া দেশে উৎপাদন হয়। বাকি সার আমদানি করতে হয়। প্রতি টনের আমদানি ব্যয় ৩৪ হাজার টাকা। কৃষি মন্ত্রণালয় থেকে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে সারের ওপর ভর্তুকির পরিমাণ ছিলো সাত হাজার কোটি টাকা। ইউরিয়া সারে প্রতি কেজিতে ভর্তুকি ছিলো ২৪ টাকা, এখন তা কমিয়ে ১৬ টাকা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/এএল/পিডি/১৯০০ ঘ.