২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোরো সংগ্রহ শুরু ৫ জুন, ক্রয়মূল্য বাড়বে

সারাদেশে একযোগে ৫ জুন শুরু হবে বোরো সংগ্রহ অভিযান। দাম নির্ধারণ হবে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে একযোগে ৫ জুন শুরু হবে বোরো সংগ্রহ অভিযান। দাম নির্ধারণ হবে বৃহস্পতিবার। এ বছর কেজিপ্রতি এক টাকা বা তার বেশি বাড়িয়ে দাম নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। বুধবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য, পরিকল্পনা, পরিধারণ ও মনিটরিং কমিটির বৈঠক শেষে মন্ত্রী বলেন, "এবার বোরো সংগ্রহে দাম এখনো নির্ধারণ করা হয়নি। গত বছর ২৮ টাকা কেজি দরে বোরো সংগ্রহ করা হয়েছিল। "এবার ধানের উৎপাদন খরচ ১ টাকা ৩২ পয়সা বেশি হয়েছে। তাই দাম কেজিতে এক টাকা বা তার কিছু বাড়িয়ে নির্ধারণ করা হতে পারে।" বৃহস্পতিবার ক্রয়মূল্যে নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। আব্দুর রাজ্জাক জানান, এবার বাজেটে ১১ লাখ টন বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে ১১ লাখ টন সংগ্রহ করা হবে কি না তা চূড়ান্ত হয়নি। গতবছর আভ্যন্তরীণ বাজার সরকারের ১১ লাখ টন খাদ্য শস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও পাঁচ লাখ ৬০ হাজার টন সংগ্রহ হয়েছিলো। বাকি অংশ বিদেশ থেকে আমদানি করে পূরণ করা হয়েছে বলে জানান মন্ত্রী। বিদেশ থেকে আমদানির যুক্তি হিসেবে রাজ্জাক বলেন, "আভ্যন্তরীণ বাজারের চাল দেশেই থাকবে। বিদেশ থেকে খাদ্য শস্য এলে সরবারহ বাড়বে। সেই সঙ্গে মূল্যে নিয়ন্ত্রণে থাকে।" এবারও বিদেশ থেকে আমদানি করা হতে পারে বলে জানান মন্ত্রী। গুটিয়ে নেওয়া হবে ওএমএস কার্যক্রম সরকারের খোলাবাজারে বিক্রি কার্যক্রম (ওএমএস) চলবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, "ধীরে ধীরে ওএমএস কার্যক্রম গুটিয়ে নেওয়া হবে। তবে ঢাকা ও শ্রমঘন এলাকায় এ কার্যক্রম চলবে।" বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী ফারুক খানসহ সচিব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/পিডি/১৮৪০ ঘ.