২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'২০৩০ সাল নাগাদ খাদ্যপণ্যের দর দ্বিগুণ হবে'

খাদ্যপণ্যের বিদ্যমান বাজার ব্যবস্থাপনা অব্যাহত থাকলে আগামী ২০ বছরের মধ্যে প্রধান প্রধান খাদ্যপণ্যের দাম দ্বিগুণ হয়ে যাবে বলে সতর্ক করেছে অক্সফাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 11:47 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব নেতৃবৃন্দ যদি বর্তমান বৈশ্বিক খাদ্যব্যবস্থাপনা পদ্ধতি পরিবর্তনের উদ্যোগ না নেন তবে ২০ বছরের মধ্যে প্রধান প্রধান খাদ্যপণ্যের দর বর্তমান দরের দ্বিগুণ হয়ে যাবে। অক্সফাম প্রকাশিত 'গ্রোয়িং বেটার ফিউচার' নামে এক প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়। প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ২০৩০ সাল নাগাদ প্রধান প্রধান খাদ্যপণ্যের দর ১২০ শতাংশ থেকে ১৮০ শতাংশ পর্যন্ত বেড়ে যাবে। অক্সফামের অনুমান, এর অর্ধেকই বৃদ্ধি পাবে জলবায়ূ পরিবর্তনের ফলে। আর এ কারণে খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং জলবায়ু তহবিলে বিনিয়োগ করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছে দারিদ্র বিমোচন ও সুশাসনের লক্ষ্যে কাজ করা এই আন্তর্জাতিক সংস্থাটি। অক্সফামের প্রধান নির্বাহী বারবারা স্টকিং বলেন, "ভূমি, সুপেয় পানি, শক্তি, খাদ্যপণ্যের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করতে হলে আমাদের অবশ্যই খাদ্যব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে।" খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে বিশ্বের প্রায় ৬ কোটি লোক ভয়াবহ দারিদ্র্যের মুখোমুখি হবে বলে এরই মধ্যে সতর্ক করেছে বিশ্বব্যাংক। দরিদ্রদের যেন অনবরত ক্ষুধার মধ্যে থাকতে না হয় সে লক্ষ্যে খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের জন্য অক্সফাম কিছু নতুন নিয়ম প্রস্তাব করেছে। সংস্থাটি আশা করছে বিশ্বের সব রাষ্ট্র এবিষয়গুলো অনুমোদন করবে। খাদ্যব্যবস্থাপনায় পরিবর্তন আনার লক্ষ্যে বিশ্বনেতৃবৃন্দের প্রতি অক্সফাম প্রস্তাবিত অবশ্য করণীয় বিষয়গুলো হচ্ছে: ১. ভোগ্যপণ্যের বাজারে স্বচ্ছতা বৃদ্ধি করতে হবে ও ভবিষ্যতের বাজারগুলো নিয়ন্ত্রণ করতে হবে। ২. খাদ্যপণ্যের মজুদ বাড়াতে হবে। ৩. জৈব জ্বালানি উৎপাদনের নীতি বাতিল করতে হবে। ৪. প্রান্তিক কৃষক বিশেষভাবে নারীদের উদ্যোগে বিনিয়োগ করতে হবে। "এক সংকটবহুল সময়ের দিকে ঘুমের ঘোরে এগুচ্ছি আমরা। বিশ্বের প্রতিটি মানুষের চাহিদা পূরণের মতো পর্যাপ্ত খাদ্য থাকলেও প্রতিদিন বিশ্বে প্রতি সাতজনের একজন মানুষ না খেয়ে থাকতে বাধ্য হচ্ছে", বলেন বারবারা। সামনের দিনগুলোতে খাদ্যপণ্যের মূল্য বাড়ার পেছনে জলবায়ু পরিবর্তনই প্রধান কারণ হবে বলে অক্সফামের ধারণা। তাই ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে সামনে রেখে বিশ্ব নেতৃবৃন্দকে জলবায়ু তহবিল গঠনের আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২১৩ ঘ.