২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মুনাফা ফের বিনিয়োগে বাধ্যবাধকতা নয়'

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গত বছর পুঁজিবাজার থেকে যে মুনাফা তুলে নিয়েছে তা আবার বিনিয়োগে বাধ্য করবে না বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 05:23 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গত বছর পুঁজিবাজার থেকে যে মুনাফা তুলে নিয়েছে তা আবার বিনিয়োগে বাধ্য করতে কোনো পদক্ষেপ নেবে না বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকের পর কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, "ব্যাংকগুলো ২০১০ সালে পুঁজিবাজারে বিনিয়োগ থেকে যে মুনাফা করেছে তা পুনঃবিনিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংক কোনো বাধ্যবাধকতা আরোপ করবে না। এটা ব্যাংকগুলোর একান্তই নিজস্ব বিষয়।" এর আগে রোববার সকালে এফবিসিসিআই সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি একে আজাদ বলেন, ২৭টি ব্যাংক ও ১৪টি আর্থিক প্রতিষ্ঠান পুঁজিবাজার থেকে আনুমানিক ছয় হাজার কোটি টাকা মুনাফা করেছে। এই বিপুল পরিমাণ মুনাফা পুনরায় পুঁজিবাজারে ফেরানো জরুরি। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সঙ্গে বৈঠকেও এ বিষয়ে আলোচনা করেন তিনি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমানসহ ব্যবসায়ী প্রতিনিধি এবং কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে একে আজাদ বলেন, ব্যাংকের সুদ, তারল্য সঙ্কট ও পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে সফল আলোচনা হয়েছে। শিগগিরই তারল্য সঙ্কট কেটে যাবে বলে গভর্নর তাদের আশ্বস্ত করেছেন। সালমান এফ রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখা। এছাড়া অর্থনীতির সহায়ক খাতগুলোর উন্নয়নেও কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুঁজিবাজারে দর পতনের মূল কারণ শেয়ার সরবরাহের ঘাটতি। "এখানে টাকা ঢোকার যে চেইন- তা সচল থাকলেও শেয়ারের সরবরাহ বাড়েনি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আসেনি। বুকবিল্ডিং পদ্ধতি এবং ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে কয়েকটি প্রতিষ্ঠান পুঁজিবাজারে আসার পরই তা বন্ধ করে দেওয়া হয়েছে।" বিএপিএলসি সভাপতি বলেন, আইনে কোনো ত্র"টি থাকলে তার সমাধান করতে হবে। এর মানে এই নয় যে, মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলতে হবে। বাজারে ভালো কোম্পানি ও খারাপ কোম্পানির শেয়ারের দাম একইসঙ্গে বৃদ্ধি কাম্য নয় মন্তব্য করে তিনি বলেন, ভালো কোম্পানি ও খারাপ কোম্পানিগুলোকে আলাদা করা প্রয়োজন। পুঁজিবাজারে দরপতনের জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী- সালমান এফ রহমানকে উদ্ধৃত করে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, "আমি কখনোই পুঁজিবাজারের দরপতনের জন্য বাংলাদেশ ব্যাংককে দায়ী করিনি। আমাকে ঠিকমতো 'কোট' করা হয়নি।" গত ২৪ মে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নতুন চেয়ারম্যান ও সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সালমান এফ রহমান সাংবাদিকদের বলেছিলেন, পুঁজিবাজারে ধসের সময়ে বাংলাদেশ ব্যাংক সিআরআর (ক্যাশ রিজার্ভ রেশিও) ও এসএলআর (স্ট্যটিউটরি লিকুইডিটি রেশিও) হার বৃদ্ধি করায় ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কমে যায়। এতে বড় বিনিয়োগকারীরা পুঁজিবাজারে বিনিয়োগের জন্য পর্যাপ্ত অর্থ না পাওয়ায় ধসের মতো ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২৩১৬ ঘ.

এ সম্পর্কিত আরো খবর