২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ইট রপ্তানি বন্ধ হবে অচিরেই: ফারুক

পরিবেশ বিপর্যয়ের কথা বিবেচনায় খুব শিগগির ইট রপ্তানি বন্ধ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ বিপর্যয়ের কথা বিবেচনায় খুব শিগগির ইট রপ্তানি বন্ধ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। শহীদুজ্জামান ইট রপ্তানি বন্ধের পক্ষে যুক্তি দিয়ে বলেন, "বাংলাদেশ থেকে বিলুপ পরিমাণ ইট ভারতে রপ্তানি হচ্ছে। ইট তৈরিতে জমির উপরিভাগের মাটি ব্যবহার করা হচ্ছে। এতে জমির উর্বরতা কমে যাচ্ছে, বিপর্যয় হচ্ছে পরিবেশের।" এসব বিবেচনায় ভারতে ইট রপ্তানি বন্ধ করা যায় কিনা- জানতে চান তিনি। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, "আমরা ইচ্ছা করলেই রপ্তানি বন্ধ করতে পারি না। বিশ্ব বাণিজ্য সংস্থার কিছু বিধি-বিধান মানতে হয়। তারপরও আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছি-অচিরেই ইট রপ্তানি বন্ধ করা হবে।" অপর এক প্রশ্নের জবাবে ফারুক বলেন, ভারতে পণ্য রপ্তানি করে ২০০৯-২০১০ অর্থ বছরে প্রায় দুই হাজার ১০৫ কোটি টাকা এবং ২০১০-২০১১ অর্থ বছরের জুলাই-এপ্রিল পর্যন্ত প্রায় দুই হাজার ৮৩৬ কোটি টাকা আয় হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৯১১ ঘ.