ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসির সদস্য হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ আমজাদ হোসেন ও আরিফ খান কাজে যোগ দিয়েছেন।
সোমবার সকালে তারা কাজে যোগ দেন। এসইসি চেয়ারম্যান খায়রুল হোসেনের সঙ্গে বৈঠকও করেন তারা।
পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা পুনর্গঠনের অংশ হিসেবে এসইসিতে রোববার সদস্য পদে এ দুজনকে নিয়োগ দেয় সরকার।
আমজাদ বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক। অন্যদিকে আরিফ খান বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি।
এ নিয়ে চেয়ারম্যানসহ চার জন এ সংস্থায় নতুন এলেন।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) এর আগে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক খায়রুল হোসেনকে। সদস্য পদে নিয়োগ পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেলালউদ্দিন নিজামী।
এর আগে এসইসি চেয়ারম্যান জিয়াউল হক খন্দকারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। পদত্যাগ করেন দুই সদস্য ইয়াসিন আলী ও মো. আনিসুজ্জামান।
তাদের চলে যাওয়ার পর চেয়ারম্যানসহ নতুন দুজন নিয়োগ পেলেও কোরাম সঙ্কটের কারণে তারা বৈঠক করতে পারছিলেন না। ফলে এসইসির সিদ্ধান্তহীনতা বিনিয়োগকারীরা ক্ষোভ প্রকাশ করে আসছিলো। তবে এখন চেয়ারম্যানসহ চার জন হওয়ায় বৈঠক করতে পারবে এসইসি।
পুঁজিবাজারে অস্থিরতার কারণ তদন্তে গঠিত কমিটি এসইসিকে খোলনলচে বদলে ফেলার সুপারিশ করে। এরপর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, এসইসির চেয়ারম্যানসহ সদস্য পদে পরিবর্তন আনা হবে। তারপর ধারাবাহিকভাবে এ পরিবর্তনগুলো এলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১২০০ ঘ.
bdnews24