ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশের সব পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেবে মালদ্বীপ।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ নাসিম সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে আহমেদ নাসিম ও পররাষ্ট্র মন্ত্রী দীপু মনির উপস্থিতিতে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে প্রায় ৭০ হাজার বাংলাদেশি মালদ্বীপে বিভিন্ন খাতে কাজ করছেন। এর মধ্যে ১২ হাজার শ্রমিক নিবন্ধিত। বাকিদেরও নিবন্ধিত করার প্রক্রিয়া চলছে।
দীপু মনি জানান, বাংলাদেশ থেকে চিকিৎসক ও নার্সসহ দক্ষ কর্মী নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ।
আহমেদ নাসিম শনিবার বাংলাদেশে আসেন। বাংলাদেশ থেকে বালু আমদানির বিষয়ে রোববার দুপুরে ভূমি মন্ত্রী মো. রেজাউল করিম হীরার সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকের পর হীরা জানান, বালু আমদানির বিষয়টি চূড়ান্ত করতে মালদ্বীপের একটি বিশেষজ্ঞ দল দুই সপ্তাহের মধ্যে ঢাকা আসছে।
ভূমি সচিব মো. মোখলেছুর রহমান জানান, মালদ্বীপে বছরে চার লাখ টন বালু প্রয়োজন। এর মধ্যে তিন লাখ টন তারা ভারত থেকে আমদানি করছে। বাকি এক লাখ টন বাংলাদেশ থেকে আমদানির চিন্তাভাবনা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২০৩৯ ঘ.
bdnews24