ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে মালদ্বীপে বালু রপ্তানির বিষয় চূড়ান্ত করতে সেদেশের বিশেষজ্ঞ দল আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা আসছে।
রোববার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রী আহমেদ নাসিমের সঙ্গে বৈঠক শেষে ভূমি মন্ত্রী মো. রেজাউল করিম হীরা সাংবাদিকদের এ তথ্য জানান।
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রী এদিন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান।
ভূমি মন্ত্রী বলেন, আগামী ১৫ দিনের মধ্যে এ বিশেষজ্ঞ দল বাংলাদেশ সফরে আসবে। তারা পর্যবেক্ষণ শেষে কী পরিমান ও কী ধরনের বালু বাংলাদেশ থেকে আমদানি করবে তা ভূমি মন্ত্রণালয়কে জানাবে।
তাদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেওয়া বলে জানান রেজাউল করিম হীরা।
গত ২৩ নভেম্বর এক আন্তঃমন্ত্রণালয় সভায় বাংলাদেশ থেকে মালদ্বীপে বালু রপ্তানির জন্য সেদেশের আমদানিকারকদের দেশে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ভূমি সচিব মো. মোখলেছুর রহমান জানান, মালদ্বীপে বছরে ৪ লাখ মেট্রিক টন বালু প্রয়োজন। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন বালু তারা ভারত থেকে আমদানি করছে। বাকী ১ লাখ মেট্রিক টন বালু তারা বাংলাদেশ থেকে আমদানির চিন্তাভাবনা করছে।
এ সময় অতিরিক্ত সচিব মো. আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/১৯৫৮ ঘ.
bdnews24