চাঁপাইনবাবগঞ্জ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুইদিন বন্ধ থাকার পর রোববার বিকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়েছে।
এর আগে দুপুরে সীমান্তের জিরো লাইনে দু'দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে এক বৈঠক হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বহী কর্মকর্তা এ জেড এম শারজিল হাসান, সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্র"প, সিএন্ডএফ অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, পানামা পোর্ট লিংক লিমিটেডের কর্মকর্তারা এবং ভারতের রপ্তানিকারক সমিতির নেতারা।
বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান সোনামসজিদ-পানামা পোর্ট লিংক লিমিটেডের সহকারী নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন সাগর জানান, বৈঠকে ভারতীয় ট্রাক চালকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
উভয়ের মধ্যে সমঝোতা হওয়ায় বিকাল সাড়ে ৫টায় বন্দরে আমদানি-রপ্তানি কর্যক্রম শুরু হয়।
ভারতীয় ট্রাক চালককে মারধরের জেরে শনিবার সকাল থেকে এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারতীয় আমদানি রপ্তানিকারক সমিতি।
বৃহস্পতিবার রাতে পানামা পোর্ট লিংক লিমিটেডের কয়েকজন কর্মচারী ভারতীয় এক ট্রাক চালককে মারধর করলে ভারতের মোহদীপুর স্থলবন্দর রপ্তানিকারক সমিতি আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখে।
ওই ঘটনায় পানামা পোর্ট লিংক লিমিটেডের ৩ জন নিরাপত্তা প্রহরী কাউসার আলী, ফরিদ উদ্দীন ও জসীম উদ্দীন এবং এম এল এস এস আল আমীনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৯ ঘ.
bdnews24