ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের তৈরি পোশাক শিল্পখাতে রপ্তানি আয় এক বছরে ২০ শতাংশ বাড়লেও গত দুই মাসে পোশাক সরবরাহের আদেশ কমে গেছে।
শনিবার কারওয়ান বাজারে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য তুলে ধরেন সংগঠনের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।
তার দাবি, বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ায় ক্রেতারা প্রতিবেশী কয়েকটি দেশে ঝুঁকছে।
সফিউল বলেন, ২০ শতাংশ রপ্তানি আয় বাড়লেও মজুরি ও ব্যাংক ঋণের সুদ বৃদ্ধিসহ কয়েকটি কারণে তাদের ব্যয় বেড়েছে ২৩ শতাংশ। এতে তাদের মুনাফার পরিমাণ কমেছে ৩১ দশমিক ৫৬ শতাংশ।
"এ অবস্থায় বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্প আবারো সঙ্কটে পড়তে যাচ্ছে বলে আমরা আশঙ্কা করছি", বলেন তিনি।
বিজিএমইএ সভাপতি বলেন, এ সঙ্কট উত্তরণে স্বল্পতম সময়ের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান, কর্মীদের দক্ষতা বাড়াতে সমন্বিত প্রকল্প নেওয়া এবং আগামী বাজেটে এ খাতের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫২৫ ঘ.
bdnews24