ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দুই পুঁজিবাজারে ব্যাপক দরপতনের পর লেনদেন আপাতত বন্ধ রাখার দাবি জানিয়েছে বিনিয়োগকারীরা।
বুধবার ঢাকার পুঁজিবাজারে সাধারণ সূচক দেড়শ পয়েন্ট কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে আড়াইশ পয়েন্ট। দরপতনের পর ঢাকায় বিক্ষোভ হয়েছে। অন্যদিকে চট্টগ্রামে বিনিয়োগকারীরা এসইসি চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি দিয়েছে।
পুঁজিবাজারে ব্যাপক দরপতনের পর বেলা পৌনে ৩টার দিকে এক দল বিনিয়োগকারী মতিঝিলে ডিএসইর সামনে বিক্ষোভ শুরু করে। তারা মতিঝিলে সড়কের সামনে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে সমাবেশও করে।
বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রাখার দাবি জানায়। বাজার নিয়ন্ত্রণে অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ব্যর্থ দাবি করে তাদের পদত্যাগও দাবি করে তারা।
এছাড়া বৃহস্পতিবার থেকে ডিএসইসির সামনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি দিয়েছে তারা। লেনদেন বন্ধ রাখতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতিও আহ্বান জানিয়েছে তারা।
ডিএসইতে দিন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৫২৯২ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ১৫১ পয়েন্ট বা ২ দশমিক ৭৮ শতাংশ কম।
সারাদিনে ৩২৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনে মোট লেনদেনের পরিমাণ ছিলো ৩৪৯ কোটি টাকা।
লেনদেন হওয়া ২৩৮টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, বেড়েছে ১৫টির। ৩টির দাম অপরিবর্তিত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর চট্টগ্রাম অফিস জানায়, দুপুরে চট্টগ্রামের বিনিয়োগকারীদের সংগঠন 'ইনভেস্টরস ফোরাম চট্টগ্রাম' সিএসই'র মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসির চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি দেয়।
এতে কোম্পানিগুলোর স্পন্সর শেয়ার বিক্রি বন্ধ রাখা, মার্চেন্ট ব্যাংকগুলো শেয়ারবাজার থেকে অর্জিত মুনাফা পুনরায় বিনিয়োগ এবং তা বাস্তবায়ন এবং এসইসি পুনর্গঠনের আগে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ রাখার দাবি জানানো হয়।
আগামী বাজেটে অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছে চট্টগ্রামের বিনিয়োগকারীরা।
ইনভেস্টরস ফোরামের সভাপতি আছলাম মোরশেদ সাংবাদিকদের বলেন, এসব দাবিতে তারা বৃহস্পতিবার দুপুরে সিএসইর সামনে মানববন্ধন করবেন।
সিএসইসিতে বুধবার সার্বিক সূচক ২৬৯ পয়েন্ট কমে ৯৫১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন লেনদেন হওয়া ১৯৬টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, বেড়েছে ১১টির, ৩টির দাম অপরিবর্তিত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর খুলনা প্রতিনিধি জানান, পুঁজিবাজারের কার্যক্রম এ অর্থবছরের শেষ দিন আগামী ৩০ জুন পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার আহবান জানিয়েছে খুলনা ইনভেস্টরস ফোরাম।
ফোরামের সভাপতি মো. ইসরাইল হোসেন এক বিবৃতিতে বলেন, "পুঁজিবাজারে ক্রমাগত দরপতনের ফলে যেভাবে সাধারণ সূচক নেমে আসছে এ ধারা অব্যাহত থাকলে পুঁজিবাজারের অস্তিত্ব টিকিয়ে রাখা দায় হবে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা সর্বশান্ত হয়ে পথে বসবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এসআইটি/এমআই/১৭৫০ ঘ.
bdnews24