ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে একাধিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ১২ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এম মুশাররফ হোসেন ভূঁইয়া এবং বিশ্ব ব্যাংকের পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এলেন গোল্ডস্টেইন রোববার ঋণচুক্তিতে স্বাক্ষর করেছেন।
বিশ্ব ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বেসরকারি খাত উন্নয়ন সহযোগিতা প্রকল্পে এ অর্থ ব্যয় হবে। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ইউকে-ডিএফআইডি) সহায়তায় এ প্রকল্পের মাধ্যমে বিকাশমান শিল্প ও সেবা খাতের জন্য অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। এতে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান।
চুক্তি স্বাক্ষরে এলেন গোল্ডস্টেইন বলেন, "এ প্রকল্পের আওতায় বাংলাদেশে বেসরকারি খাতে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সঠিক স্থান ও অবকাঠামোর অভাব পূরণ করা হবে। এতে বেসরকারি খাতে উন্নয়ন নতুন গতি পাবে।
"উৎপাদনকারী ও রপ্তানিকারকদের মধ্যে যোগাযোগের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে সেটা।"
মুশাররফ হোসেন ভূঁইয়া বলেন, "উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আন্তরিক সরকার।
"ইপিজেডের ইতিবাচক অভিজ্ঞতার আলোকে অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তৃতির মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে অর্থনৈতিক অঞ্চলগুলো।"
আগামী ৪০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। সুদের হার হবে শূন্য দশমিক ৭৫ শতাংশ। তবে প্রথম ১০ বছর কোনো সুদ দিতে হবে না।
আশির দশকে গড়ে ওঠা রপ্তানি প্রক্রিয়াজাকরণ অঞ্চলের (ইপিজেড) আলোকে বাংলাদেশের নতুন অর্থনৈতিক অঞ্চল কৌশল ঠিক করা হয়েছে। ইপিজেড প্রায় দুই লাখ ৯২ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইপিজেডগুলো। গত বছর দুইশ ৯০ কোটি ডলার রপ্তানি হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক অঞ্চলের বিস্তৃতি অর্থনেতিক প্রবৃদ্ধি বাড়াবে। ২০২১ সাল নাগাদ দারিদ্র্য ৪০ শতাংশ থেকে ১৫ শতাংশে কমিয়ে আনতে সহায়তা করবে এ প্রকল্প।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২০৫৯ ঘ.
bdnews24