ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৯ জুন সংসদে উপস্থাপন করা হবে বলে স্পিকারকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
স্পিকার আবদুল হামিদ শনিবার সাংবাদিকদের বলেন, অর্থমন্ত্রী একটি চিঠিতে এ কথা জানিয়েছেন।
অর্থমন্ত্রী গত বৃহস্পতিবার সিলেটে এক অনুষ্ঠানে বলেন, আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবে সামাজিক নিরাপত্তা খাতসহ কৃষি, বিদ্যুৎ ও শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হবে।
বাজেটের আকার কেমন হচ্ছে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বাজারে যে গুজব আছে, তার কাছাকাছিই হবে। একটি গুজব হলো বাজেট হবে ১ লাখ ৪৮ হাজার কোটি টাকার। আরেকটি হলো ১ লাখ ৬০ হাজার কোটি টাকার। বাজেটের পরিধি এবার এ রকমই হবে।
মন্ত্রী জানান, আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট হতে পারে ৪৭ হাজার কোটি টাকা। জিডিপির প্রবৃদ্ধি ধরা হবে ৭ শতাংশ। তবে বাজেট হওয়ার আগে এসব পরিসংখ্যানে আরো পরিবর্তন আসতে পারে।
নবম সংসদের নবম অধিবেশন শুরু হচ্ছে রোববার। জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত অধিবেশন চলতে পারে বলে স্পিকার জানান।
এ অধিবেশনে বাজেট ছাড়াও সংবিধান সংশোধন কমিটির প্রতিবেদন উত্থাপনের কথা রয়েছে। অধিবেশন শুরুর আগে স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। ওই বৈঠকেই অধিবেশনের মেয়াদকাল নির্ধারণ করা হবে।
বৈঠকে ১৫ সদস্যের কার্য উপদেষ্টা কমিটির বাইরে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অর্থমন্ত্রী ও আইনমন্ত্রী শফিক আহমেদ উপস্থিত থাকবেন।
হামিদ বলেন, "৩০ জুনের মধ্যে বাজেট পাসের বাধ্যবাধকতা রয়েছে। বাজেটের বাইরে আইন প্রণয়ন ও অন্যান্য কার্যাবলি শেষ করতে আরো ১৩/১৪ দিন সময় লাগতে পারে।"
সংসদে আসতে বিরোধী দলের প্রতি আহ্বান
আসন্ন অধিবেশনে যোগ দিতে বিরোধী দলের প্রতি আবার আহ্বান জানিয়েছেন স্পিকার।
আসন্ন অধিবেশনে যোগ না দেওয়ার কথা ইতোমধ্যে জানিয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে মধ্যবর্তী নির্বাচন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ নানা শর্ত দেওয়া হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে।
স্পিকার বলেন, "সংসদে আসা না আসার বিষয়টি ব্যক্তিগত। এ বিষয়ে উনাদের (বিরোধী দলের) স্বাধীনতা রয়েছে। বারবার অনুরোধ জানিয়ে আসছি, আমি আবারো আহ্বান জানাই, আপনারা সংসদে আসুন।"
সংবিধান সংশোধনসহ আইনগত বিষয়ে সংসদে এসে বক্তব্য রাখতে বিরোধী দলকে পরামর্শ দিয়ে তিনি বলেন, "আইনগত ভুলত্র"টি নিয়ে কথা বলেন, তা বিবেচিতও হতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসমএইচসি/এমআই/১৪৩০ ঘ.
bdnews24