ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে এমআই সিমেন্টকে তালিকাভুক্ত করলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ২২ মে ঢাকার পুঁজিবাজারে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে।
বুধবার দুপুরে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর ডিএসই সভাপতি শাকিল রিজভী সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, "এমআই সিমেন্ট নিয়ে আর কোনো জটিলতা নেই। এসইসির নির্দেশনা অনুযায়ী এ কোম্পানিকে ডিএসইতে তালিকাভুক্ত করা হবে।"
পরে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার বিকেলে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডকে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা হয়েছে। ২২ মে থেকে প্রতিষ্ঠানটির লেনদেন শুরু হবে।"
এর মধ্য দিয়ে এমআই সিমেন্টের তালিকাভুক্তি নিয়ে এসইসি ও ডিএসইরি রশি টানাটানির অবসান হলো।
চলতি বছরের শুরুতে বুক বিল্ডিং পদ্ধতিতে বাজার থেকে মোট ৩৩৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করে এমআই সিমেন্ট।
কিন্তু প্রতিষ্ঠানটির শেয়ার 'অতিমূল্যায়িত'- এমন অভিযোগ ওঠায় গত ২০ জানুয়ারি অর্থমন্ত্রীর নির্দেশে বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত করে এসইসি। ২৩ জানুয়ারি প্রতিষ্ঠানটির আইপিও (প্রাথমিক দর প্রস্তাব) প্রক্রিয়াও স্থগিত করা হয়। একই কারণে স্থগিত করা হয় মবিল যমুনা নামের আরেকটি কোম্পানির আইপিও।
দুই স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর গত ২৬ এপ্রিল শর্তসাপেক্ষে এমআই সিমেন্টকে তালিকাভুক্ত করার নির্দেশনা জারি করে এসইসি। শর্তে বলা হয়, শেয়ারের দাম ৬ মাসের মধ্যে বরাদ্দমূল্যের নিচে নেমে গেলে পরিচালকদের টাকা থেকে শেয়ারধারীদের ক্ষতিপূরণ দেবে এমআই সিমেন্ট।
এই শর্তে ৫ মে এমআই সিমেন্টকে তালিকাভুক্ত করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ৮ মে সেখানে এ কোম্পানির শেয়ারের লেনদেনও শুরু হয়। কিন্তুডিএসই ওই নির্দেশনা পুনর্বিবেচনার জন্যে এসইসিতে আবেদন করে।
এসইসি ওই আবেদন নাকচ করে দেওয়ার পর ডিএসইর পরিচালনা পর্ষদ গত সোমবার সিদ্ধান্ত নেয়, এমআই সিমন্টেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা হবে কি না- এসইসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনার ভিত্তিতে ডিএসই সভাপতিই তা চূড়ান্ত করবেন।
এরপর বুধবার সকালে এসইসির নতুন চেয়ারম্যান মো. খায়রুল হোসেন ও সদস্য হেলালউদ্দিন নিজামীর সঙ্গে এ বিষয়ে বৈঠকে বসেন শাকিল রিজভী। বৈঠকে তাকে জানানো হয়, এমআই সিমেন্টকে তালিকাভুক্ত করার বিষয়ে এসইসির নির্দেশনা বহাল থাকবে।
অবশ্য মবিল যমুনার তালিকাভুক্তির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি এসইসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/১৯০৯ ঘ.
bdnews24