ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "শেয়ারবাজারের [অস্থিরতার] জন্য সরকার দায় এড়াতে পারে না মন্তব্য করে ক্ষমতাসীন দলের এক নেতা বলেছেন, এ পরিস্থিতির সমাধান না হলে খেসারত দিতে হবে।
সরকারে সমন্বয়হীনতার কারণে জনগণের দুর্ভোগ বেড়েছে বলে তিনি মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
সোমবার তিনি এক অনুষ্ঠানে বলেন, "শেয়ারবাজারের জন্য সরকার দায় এড়াতে পারে না। শেয়ারবাজারে হাজার হাজার বেকার যুবক বিনিয়োগ করে সর্বশান্ত হয়েছে। এ পরিস্থিতি আমরা সমাধান দিতে না পারলে খেসারত দিতে হবে।"
সিএনজির মূল্যবৃদ্ধির আগে জনগণের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে প্রভাবের বিষয়টি ভাবা উচিত ছিল বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, "সরকারের সমন্বয়হীনতার কারণে জনদুভোর্গ বৃদ্ধি পেয়েছে। সিএনজির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন খাতে যে নৈরাজ্য চলছে তার জন্য সরকারের সমন্বয়হীনতাই দায়ী।"
জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
পাবত্য চট্রগ্রামের অশান্ত পরিবেশের কথা উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে অশান্ত পার্বত্য চট্রগ্রামকে শান্তিচুক্তির মাধমে পরিস্থিতি স্বাভাবিক করে আনলেও বর্তমানে অশান্ত হয়ে উঠছে। সরকারের সমন্বয়হীনতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
বিএনপিকে সংসদে ফেরার আহ্বানও জানান ওয়াবদুল কাদের।
এস এস চাকমার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক দুর্গাদাস ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন 'এথনিক ক্লিনজিং' বইয়ের লেখক মানবাধিকার কর্মী সালাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১৪৪ ঘ.
bdnews24