সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রমেই কমছে পুঁজিবাজারের লেনদেন। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর কমছে। পুঁজিবাজার গতিশীল করতে নানা পদক্ষেপের কথা বলা হলেও তা কার্যত দেখা যাচ্ছে না।
পুঁজিবাজারের এ পরিস্থিতিতে হতাশ বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞরা বলছেন- সরকারের সিদ্ধান্তহীনতা, এসইসি পুনর্গঠনে ঢিলেমি ও নানা গুজবের কারণে বিনিয়োগকারীরা বাজারের ওপর আস্থা রাখতে পারছেন না। তাই অনেকেই হাতগুটিয়ে বসে রয়েছেন।
গত সোয়া দুই বছরের মধ্যে বুধবার সবচেয়ে কম লেনদেন হয় ঢাকার পুঁজিবাজারে। গত এক সপ্তাহে এক দিনই মাত্র লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছিলো। সূচকও কমছে প্রতিদিন।
অব্যাহত দরপতনের কারণ সম্পর্কে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম টিটো বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ১৫ দিন ধরেই পুঁজিবাজারের কোনো অভিবাবক নেই। এসইসি চেয়ারম্যান-সদস্য পরিবর্তন নিয়ে অস্থিরতা, পুনর্গঠন এখনো চূড়ান্ত হয়নি। তাই বাজারের ওপর বিনিয়োগকারীদেরও কোনো আস্থা তৈরি হচ্ছে না।"
"বাজেট নিয়ে বাজারে নানা ধরনের গুজব রয়েছে। বিও হিসাবের বিপরীতে টিআইএন করা হবে, এ রকম একটি গুজবের কারণে অনেক বিনিয়োগকারী ভয় পাচ্ছেন। কালো টাকা বিনিয়োগের বিষয় রয়েছে। সরকারকে এ বিষয়গুলো এখনি স্পষ্ট করতে হবে", বলেন তিনি।
বাজারে পতন বিষয়ে গত রোববার দুই স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। সেখানে পতনের জন্যে নানারকমের গুজব, বড় বিনিয়োগকারী ও মার্চেন্ট ব্যাংকের অংশগ্রহণ না করাকে দায়ী করা হয়।
সবার আগে বাজারের ওপর মানুষের আস্থা ফেরানো দরকার বলে মনে করেন সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াওয়ার সাঈদ।
তিনি বলেন, ৫ হাজার কোটি টাকার তহবিল, কালো টাকা বিনিয়োগ- এসবের আগে বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফেরানো দরকার। এ কাজটি সরকার চাইলে যে কোনো সময় করতে পারে।"
"এখন এক প্রকার সঙ্কটকালীন পরিস্থিতি। বাজার কোথায় যাবে, বাজারের নীতি কী- তা কেউ জানে না। এ যেন অনেকটা খেলা হচ্ছে, তবে রেফারি নেই, সবাই সাইডলাইনে বসে আছে। নানারকম ঘোষণা আসছে, কিন্তু তার কোনো বাস্তবায়ন দেখা যাচ্ছে না।"
"মার্কেটে রেগুলেটরি বডি এসইসির কোনো নিয়ন্ত্রণ নাই। এর প্রমাণ, একটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্তির (এমআই সিমেন্ট) নির্দেশনা দেওয়া হলে একটি এক্সচেঞ্জ মানছে, একটি মানছে না। তদন্ত প্রতিবেদনের ক্ষেত্রে কী করা হবে, তাও কারো কাছে স্পষ্ট নয়", বলেন সাঈদ।
তার মতে, কৃত্রিমভাবে বাজার তোলার চেষ্টা বাদ দিয়ে এসইসি পুনর্গঠন, বিভিন্ন বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান প্রকাশ করলে বিনিয়োগকারীরাও বাজারে ফিরে আসবে। সচল হবে বাজার।
গত বছরের ৮ ডিসেম্বর থেকে পুঁজিবাজারের পতন শুরু হয়। তবে তাৎণিকভাবে লোন মার্জিন বৃদ্ধিসহ কয়েকটি পদক্ষেপের কারণে বাজার কিছুটা ঘুরে দাঁড়ায়। কিন্তু বছর ঘুরতেই পুনরায় দরপতন শুরু হয়। সেই ধারা এখনো চলছে।
বাজারে অস্থিরতার কারণ খতিয়ে দেখতে সরকার একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি সুপারিশসহ প্রতিবেদনও দিয়েছে। কিন্তু সে সব সুপারিশের বাস্তবায়ন পুরোপুরি হয়নি। এসইসিকে পুনর্গঠনের কথা অর্থমন্ত্রী বললেও এ পর্যন্ত নতুন এক জন সদস্য নিয়োগ করা হয়েছে। পদত্যাগ করেছেন পুরনো দুজন। নতুন চেয়ারম্যান নিয়োগের কথা মন্ত্রী বললেও এখনো পুরনো জনই রয়েছেন।
ইয়াওয়ার সাঈদ বলেন, "একজন বিনিয়োগকারী আত্মহত্যা করেছেন। ব্যাংকের সুদের হার বাড়ানো হয়েছে। কেউ যদি নিজের অবশিষ্ট টাকা তুলে নিয়ে সেখানে রাখেন, তাকে কিন্তু এ বাজারে আবার ফিরিয়ে আনা যাবে না। তাই যা করার দ্রুত করতে হবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আবু আহমেদ বাজারের সঙ্কটের বিষয়ে বলেন, "যত দ্রুত সম্ভব এসইসির শুধু ব্যক্তিপর্যায়েই নয়, কাঠামোগত পর্যায়ে পুনর্গঠন করতে হবে। ব্যাংকের সুদের হার কমানো দরকার। না হলে বিনিয়োগকারীরা টাকা তুলে ব্যাংকে নিয়ে যাবে। বাজেটে অবশ্যই পুঁজিবাজারের জন্যে প্রণোদনা থাকতে হবে।"
বিও একাউন্টধারীদের টিআইএন করার বিষয়ে ভিন্নমত তুলে ধরেন তিনি।
বিনিয়োগকারীরা যা বলেন
একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আমিনুর রশীদ। বেতনের বিপরীতে একটি ব্যাংক থেকে তিনি ৩ লাখ টাকা ঋণ নিয়েছেন। আত্মীয়স্বজনদের কাছ থেকে ধার করেছেন আরো ১০ লাখ। ১:১ সুদে একটি মার্চেন্ট ব্যাংক থেকে আরো ১৩ লাখ টাকা নিয়ে বিনিয়োগ করেছেন।
ভালো মৌলভিত্তি সম্পন্ন শেয়ারই রশীদ কিনেছেন। কিন্তু দরপতনের কারণে তার কেনা ২৬ লাখ টাকার শেয়ারের দাম এখন মাত্র সাড়ে ১২ লাখ টাকা। তিনি আতঙ্কে রয়েছেন, যে কোনো সময় তার শেয়ার ট্রিগার সেল করা হতে পারে।
রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অফিসের কারণে আগেও হাউজে না গিয়ে ফোনে লেনদেন করতাম। এখন ফোনও করি না। কিন্তু যে কোনো সময় আমার পুরো টাকা নাই হয়ে যেতে পারে। কিন্তু লোনের কিস্তি প্রতিমাসেই গুণতে হবে। আত্মীয়রা টাকা ফেরত চাইছেন। তাদের সঙ্গেও সম্পর্ক নষ্ট হয়ে যেতে বসেছে।"
একটি সরকারি ব্যাংকের কর্মকর্তা ফারুক আহমেদ (ছদ্মনাম)। তিনি গৃহ নির্মাণের জন্যে ১৬ লাখ টাকা ঋণ নিয়ে পুরোটাই পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন। সেটি কমে এখন ৪ লাখ টাকায় দাঁিড়য়েছে।
"হাতে টাকা যা ছিলো, অ্যাডজাস্ট করতে গিয়ে তাও বাজারে ঢুকিয়েছি। বউয়ের গহনা বেচে রডের দাম দিয়েছি। কিন্তু বাজার না ঘুরলে এই জীবনে আর বাড়ির ছাদ বা দেয়াল তুলতে পারবো না", বলেন তিনি।
তিনি বলেন, "আমাদের সরকারের কোনো ভর্তুকি দেওয়ার দরকার নেই। ফান্ড দিয়ে বাজার তোলারও দরকার নেই। সরকার শুধু বাজারের এ অস্থিরতা দূর করুক। এসইসি ঠিক করুক।"
মনোয়ার হোসেন, সালাউদ্দিন পারভেজ, ইকবাল আহমেদ, রোকেয়া পারভীনসহ আরো অনেক বিনিয়োগকারীই প্রায় একই কথা বলেছেন।
মতিঝিলের একটি সিকিউরিটি হাউসে চোখের সামনে নিজের ১২ লাখ টাকা নেই হয়ে যেতে দেখলেন মনোয়ার। তার কেনা ২৫ লাখ টাকার শেয়ার ১২ লাখ টাকায় নেমে এসেছে। সিকিউরিটি হাউজ ফোর্স সেল দেওয়ায় তার পোর্টফোলিও শূন্য হয়ে গেলো। তিনি বলেন, "আরেকটি একাউন্টে ৫ লাখ টাকা আছে। তাও কমতে শুরু করেছে।"
গৃহবধূ নাজমা আক্তার ভাই বোন ও নিজের গহনা বিক্রির টাকা দিয়ে শেয়ার ব্যবসা শুরু করেছিলেন। লাভ যা হয়েছিলো, তা তো গেছেই, এখন আসলেও হাত পড়েছে। তিনি বলেন, "আমার নিজের যা গেছে, তা নিয়ে ভাববো কখন, আত্মীয়স্বজনদের কাছে মনে হয় আর কখনোই মুখ দেখাতে পারবো না।"
গত দুই দিন বিনিয়োগকারীরা মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে অবস্থান ধর্মঘট ও অনশন পালন করেছেন। তারা বাজারের এই পরিস্থিতিরি জন্যে এসইসি দ্রুত পুনর্গঠন, অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১২৩০ ঘ.
bdnews24