ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধূপমান প্রতিরোধে সিগারেটের মতো তামাকজাত পণ্যের ওপর কর আরোপের দাবি জনিয়েছে তামাকবিরোধীরা।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে ৪ কোটির বেশি মানুষ ধূমপায়ী। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, তামাকজাত খাত থেকে যে আয় হয় তার দ্বিগুণ স্বাস্থ্য খাতে ব্যয় করতে হবে।
রাজধানীতে মঙ্গলবার এক আলোচনা সভায় 'ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস'- এর সমন্বয়ক তাইফুর রহমান বলেন, "বিড়ি, সিগারেট, জর্দা, সাদাপাতা, গুলসহ তামাকজাত পণ্যের ওপর প্রত্যক্ষ কর আরোপ করা হলে এর ব্যবহার অনেক কমে আসবে।"
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর ৫৭ হাজার মানুষ ধূমপানজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে এ ধরনের রোগে আক্রান্তের সংখ্যা সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
পরিসংখ্যানে দেখা গেছে, এদের বেশিরভাগই ১৭ বছর বয়সের আগেই ধূমপানে আসক্ত হয়ে পড়ে।
বাংলাদেশে তামাকজাত পণ্য সারাবিশ্বের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী বলে দাবি করে তাইফুর রহমান। তিনি বলেন, "তবে তামাকজাত পণ্যের ওপর উচ্চ মাত্রায় কর আরোপ করা হলে ধূমপায়ীদের সংখ্যা কমে আসবে।"
"দরিদ্র ও কিশোর শ্রেণীর ধূমপায়ীরা দামের বিষয়ে খুবই স্পর্শকাতর। ১০ শতাংশ দাম বাড়লে এদের মধ্যে ১০ শতাংশ ধূমপান ছেড়ে দেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইচ/এএল/২০২৪ ঘ.
bdnews24