২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুতাকল মালিকদের প্রণোদনার দাবিতে মন্ত্রীর 'না'

সুতাকল মালিকরা ১৫ শতাংশ প্রণোদনা দেওয়ার দাবি জানালেও মন্ত্রী সাফ বলে দিয়েছেন- এখনো তেমন পরিস্থিতি সৃষ্টি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুতাকল মালিকরা ১৫ শতাংশ প্রণোদনা দেওয়ার দাবি জানালেও মন্ত্রী সাফ বলে দিয়েছেন- এখনো তেমন পরিস্থিতি সৃষ্টি হয়নি। সুতা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা মঙ্গলবার সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সঙ্গে বৈঠকে তাদের দাবি তুলে ধরেন। বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আলামিন বৈঠকে বলেন, এ শিল্পকে টিকিয়ে রাখতে হলে ১৫ শতাংশ প্রণোদনা দিতে হবে। পোশাক শিল্পের সহায়ক শিল্প হিসেবে সুতাকলগুলোকে টিকিয়ে রাখার বিষয়ে সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জিএসপি সুবিধা দুই ধাপ থেকে এক ধাপে নামিয়ে আনায় তৈরি পোশাক কারখানা মালিকরা ভারতসহ বিভিন্ন দেশ থেকে কাপড় ও কাঁচামাল আমদানি করছে বলেও জানান তিনি। বিটিএমএর একাধিক নেতা জানান, বস্ত্রকলগুলোতে সুতার চাহিদা কমে যাওয়ায় কেজিপ্রতি ২ টাকা লোকসানে বিক্রির প্রস্তাব দিয়েও ক্রেতা পাওয়া যাচ্ছে না। তাদের দাবির জবাবে মন্ত্রী বলেন, "আপনারা কোনো নিয়ম-নীতির ধার ধারেন না, সুযোগ পেলেই এর সদ্ব্যবহার করতে চান। বিটিএমএ, বিজিএমইএ ও বিকেএমইএর মধ্যে সমন্বয় হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।" তিনি বলেন, "প্রণোদনা দেওয়ার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি।" বৈঠকে জানানো হয়, বর্তমানে প্রতি কেজি তুলার গড় দাম সাড়ে ৫ ডলার। আর এক কেজি সুতা উৎপাদনে খরচ হয় গড়ে ৭ দশমিক ১৫ ডলার। তবে বর্তমানে এক কেজি সুতার বাজার দর ৪ দশমিক ৬০ থেকে ৫ ডলারের মধ্যে। অন্যদের মধ্যে বস্ত্র ও পাট সচিব আশরাফুল মকবুল ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, বিজিএমইএ সহ-সভাপতি ফারুক হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/জেকে/১৮০০ ঘ.