২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে গাড়ি শিল্পে বিনিয়োগে আগ্রহ ভারতীয় উদ্যোক্তাদর

বাংলাদেশে গাড়ি শিল্পে বিনিয়োগে আগ্রহী ভারতীয় শিল্পোদ্যোক্তারা। বাংলাদেশে গাড়ি তৈরি করে তারা এগুলো বিভিন্ন দেশে রপ্তানি করতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে গাড়ি শিল্পে বিনিয়োগে আগ্রহী ভারতীয় শিল্পোদ্যোক্তারা। বাংলাদেশে গাড়ি তৈরি করে তারা এগুলো বিভিন্ন দেশে রপ্তানি করতে চান। এ লক্ষ্যে সুনামগঞ্জের ছাতকে ভারতীয়দের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলও গড়ার আহ্বান জানিয়েছেন ভারতীয় উদ্যোক্তারা। রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ সফররত কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের দলনেতা শ্যামল গুপ্ত সাংবাদিকদের বলেন, "বাংলাদেশে অটোমোবাইল খাতে আমাদের ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী। এছাড়া প্রকৌশল শিল্পেও বিনিয়োগে আগ্রহ রয়েছে তাদের। এখান থেকে উৎপাদিত পণ্য রপ্তানি করা যাবে।" কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের দলনেতা শ্যামল গুপ্ত ভারতের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান টাটা ইন্টারন্যাশনালের বিশেষ উপদেষ্টা। ফারুক খান সাংবাদিকদের বলেন, "বাংলাদেশে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে। এখানে বিনিয়োগ করলে উন্নত দেশগুলোতে বাংলাদেশের শুল্ক ও কোটামুক্ত সুবিধা ব্যবহার করে পণ্য রপ্তানি করা যাবে।" বৈঠক শেষে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল মাতলুব আহমদ বলেন, "আমরা বেসরকারিভাবে ছাতকে ভারতীয়দের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়তে চাই। ১০০ একর জমির ওপর ওই শিল্প অঞ্চলে ৫০টি প্রতিষ্ঠান উৎপাদন করতে পারবে।" ভারতীয়দের বিশেষ শিল্পাঞ্চলে দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ হবে জানিয়ে মাতলুব বলেন, "এখানে বিনিয়োগের জন্য টিভিএস, টাটাসহ অনেক প্রতিষ্ঠানের আগ্রহ রয়েছে।" শ্যামল গুপ্ত বলেন, "বাংলাদেশের পণ্য যেন ভারতে শুল্কমুক্ত সুবিধায় প্রবেশ করতে পারে সেজন্য মিজোরামের সঙ্গে যৌথভাবে পোশাক উৎপাদনের পরিকল্পনা চলছে আমাদের।" এ বিষয়টি ব্যাখ্যা করে আব্দুল মাতলুব আহমদ বলেন, "ধরুন, এখানে পোশাকের ডিজাইন করে কাটা হলো। এরপর সেটি মিজোরামে নিয়ে গিয়ে সেলাই করে ভারতের বাজারে বিক্রি করা হবে।" ভারত সরকারের নেতিবাচক তালিকায় (নেগেটিভ লিস্টে) চারশ ৮০টি পণ্য থাকার কারণে বাংলাদেশ থেকে এ পণ্যগুলো শুল্কমুক্ত সুবিধায় সেখারকার বাজারে প্রবেশ করতে পারছে না। এর মধ্যে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকও রয়েছে। এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, "আগে ৮০ লাখ পিস পোশাক শুল্কমুক্ত সুবিধায় ভারতে প্রবেশ করতে পারতো। এখন তা বাড়িয়ে এক কোটি পিস করেছে ভারত সরকার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৮৫৮ ঘ.