২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুর্বোধ্য আইন পুঁজিবাজারে জটিলতা সৃষ্টি করে'

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দুর্বোধ্য বিধি বিধানের কারণে অনেক সময় পুঁজিবাজারে জটিলতার সৃষ্টি হয় মন্তব্য করে আইনগুলো সহজবোধ্য বরার সুপারিশ করেছেন সংস্থার বিদায়ী সদস্য মো. আনিসুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

সায়েদুল ইসলাম তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দুর্বোধ্য বিধি বিধানের কারণে অনেক সময় পুঁজিবাজারে জটিলতার সৃষ্টি হয় মন্তব্য করে আইনগুলো সহজবোধ্য বরার সুপারিশ করেছেন সংস্থার বিদায়ী সদস্য মো. আনিসুজ্জামান। পদত্যাগের পর রোববার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "বিভিন্ন সময় এসইসির আইনের নানারকম ব্যাখ্যা করা হয়। এই জটিলতার বিষয় নিয়ে আমাদের কাছে অনেকে আসেন। কিন্তু এ রকম একটি রেগুলেটরি বডির আইন সবার জন্যে সহজবোধ্য হওয়া দরকার।" তাহলেই কেউ আর আইনের অপব্যবহারের সুযোগ নিতে পারবেন না বলেও মন্তব্য করেন এই অবসরপ্রাপ্ত বিচারক। ২০০৯ সালের ১৫ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসির সদস্য হিসেবে তিন বছরের জন্যে নিয়োগ পান আনিসুজ্জামান। তবে গত ডিসেম্বর-জানুয়ারিতে শেয়ার বাজারে ব্যাপক উত্থান-পতনের পর মেয়াদ পুরো হওয়ার এক বছর আগেই বিদায় নিতে হলো তাকে। গত ৮ ডিসেম্বর থেকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন শুরু হয়। ওই দিন থেকে গত ২০ জানুয়ারি পর্যন্ত মূল্যসূচক ২৫৯২ দশমিক ৮৭ পয়েন্ট কমে ৬৩২৬ দশমিক ৩৪ পয়েন্টে দাঁড়ায়। কারসাজির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে বিক্ষোভকারীরা। পতন ঠেকাতে লেনদেন বন্ধ রাখতে বাধ্য হয় এসইসি। এই অস্থিরতার কারণ তদন্তে গঠিত কমিটি গত ৭ এপ্রিল অর্থমন্ত্রীর কাছে যে প্রতিবেদন দেয় তাতে এসইসির চেয়ারম্যানসহ শীর্ষ পর্যায়ে রদবদল করার সুপারিশ করা হয়। ৩০ এপ্রিল প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের দিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানান, এসইসি পুনর্গঠনের অংশ হিসেবে চেয়ারম্যানসহ দুই সদস্য পদে রদবদল আনা হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত বুধবার নতুন সদস্য হিসেবে কমিশনে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেলালউদ্দিন নিজামী। আর মো. আনিসুজ্জামান রোববার দুপুরে কমিশনের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে আনিসুজ্জামান 'ব্যক্তিগত' কারণের কথা উল্লেখ করলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সচিবালয় থেকে ফোন করে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। "আমার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে কোনো অভিযোগ করা হয়নি। কিন্তু সরকারের ইচ্ছার কারণেই আমি পদত্যাগ করেছি। সরকার চায় না- আমি আর এখানে থাকি। জলে নেমে তো আর কুমিরের সাথে বিবাদ করতে পারব না।" আনিসুজ্জামানের দাবি, গত দুই বছরে 'সাধ্য মতো' ভালোভাবেই দায়িত্ব পালনের চেষ্টা করেছেন তিনি। "আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগও কেউ করেনি। কিন্তু তারপরও এভাবে, অসম্মানজনকভাবে আমাকে বিদায় নিতে হলো।" এসইসির চেয়ারম্যান ও সদস্যদের বিষয়ে ইংগিত করে গত ৩০ এপ্রিল অর্থমন্ত্রী বলেছিলেন, এখন যারা আছেন, তাদের চলে যেতে হবে। এরপর ৮ দিন পেরিয়ে গেলেও চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার বা অপর সদস্য ইয়াছিন আলী পদত্যাগ করেননি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আনিসুজ্জামান বলেন, সরকারের সঙ্গে বিবাদে যেতে চান না বলেই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। অবসর জীবনে নতুন কোনো পরিকল্পনা নেই বলেও উল্লেখ করেন তিন কন্যার জনক আনিসুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/১৮২২ ঘ.