২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কনোকো-ফিলিপসের সঙ্গে চুক্তি শিগগিরই'

বঙ্গোপসাগরে দুটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে বহুজাতিক কোম্পানি কনোকো-ফিলিপসের সঙ্গে চুক্তি শিগগিরই হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 09:35 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে দুটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে বহুজাতিক কোম্পানি কনোকো-ফিলিপসের সঙ্গে চুক্তি শিগগিরই হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মিট দ্য এনার্জি রিপোর্টার্স অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এ কোম্পানির সঙ্গে চুক্তি না করার জন্য আন্দোলন করছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজন এ অনুষ্ঠানে তৌফিক বলেন, "গ্যাস সঙ্কট নিরসনে শিগগিরই কনোকো-ফিলিপসের সঙ্গে উৎপাদন-বণ্টন চুক্তি (প্রডাকশন শেয়ারিং কন্ট্রাকট-পিএসসি) করা হবে।" কিন্তু চুক্তির বিষয়াদি নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। গত তত্ত্বাবধায়ক সরকার মডেল পিএসসি ২০০৮ প্রণয়ন করে এবং ওই মডেলের আলোকে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে ২০০৮ সালে বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য নির্বাচিত করে আমেরিকান প্রতিষ্ঠান কনোকো-ফিলিপস। এ কোম্পানির সঙ্গে চুক্তিকে আত্মঘাতী উল্লেখ করে আন্দোলনে নামে তেল-গ্যাস রক্ষা কমিটি। তখন তত্ত্বাবধায়ক সরকার ওই প্রতিষ্ঠানকে কাজ দেয়নি। নাগরিক ওই কমিটির পক্ষ থেকে বলা হয়েছিলো, মডেল পিএসসি-২০০৮ এ বলা হয়েছে, বাংলাদেশ সর্বোচ্চ শতকরা ২০ ভাগ গ্যাস পাবে আর শতকরা ৮০ ভাগ নির্দিষ্ট দরে আমাদের কেনার অধিকার দেওয়া হবে। বাংলাদেশ ওই গ্যাস কিনতে না পারলে বহুজাতিক কোম্পানি কনোকো-ফিলিপস তা রপ্তানি করতে পারবে। বাংলাদেশের মোট ৫২টি গ্যাস ব্লক রয়েছে। এর মধ্যে ২৮টি সাগরে। মিট দ্য প্রেস অনুষ্ঠানে জ্বালানি খাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন উপদেষ্টা। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, "বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা প্রয়োজন। এজন্য ভূগর্ভস্থ পদ্ধতির পরিবর্তে উন্মুক্ত পদ্ধতিতে তোলার চিন্তা চলছে। তবে তা সম্ভব না হলে বিদেশ থেকে কয়লা আমদানি করা হবে পাশাপাশি অন্য দেশের কয়লা খনি কেনার বিষয়ে সরকার আগ্রহী।" এ বছরের মধ্যে কয়লা নীতি চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। চলমান বিদ্যুৎ সঙ্কট অচিরেই কাটার ইঙ্গিত দিয়ে উপদেষ্টা বলেন, এ বছরে নতুন ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। এতে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৬ হাজার মেগাওয়াটে উন্নীত হবে। আর চলতি বোরো মৌসুম শেষ হলে বিদ্যুৎ সঙ্কট প্রায় দূর হবে। নতুন গ্যাস সংযোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার ও কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে বছরে ২০০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। আশা করছি, ২০১২ সালের মধ্যে তা ৩০০ কোটি ঘনফুটে উন্নীত করা যাবে। লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) আমদানির জন্য বিশ্বব্যাংক ২০০ কোটি টাকা সহায়তার প্রতিশ্র"তি দিয়েছে বলে তৌফিক জানান। এক্ষেত্রে বিশ্বব্যাংকের অর্থ না পেলেও সরকারের উদ্যোগে এ মাসের মধ্যেই এলএনজি আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৫৩০ ঘ.