ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আশির দশকের সাড়া জাগানো দল বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) ঢাকার ফুটবলে আবারো আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। বাংলাদেশ লিগের পরবর্তী আসরে দেখা যেতে পারে তাদের।
জাতীয় ক্রীড়াপরিষদে বুধবার এক অনুষ্ঠানে বিজেএমসি কর্মকর্তারা বাংলাদেশ লিগের পরের আসরে খেলার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সায় পেলে দল গঠনে নেমে পড়বেন বলেও জানিয়েছেন তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রী আবুল লতিফ সিদ্দিকী বলেন, "সামাজিক নৈরাজ্য থেকে যুব সমাজকে ক্রীড়াঙ্গনে নিয়ে আসাটাই আমাদের মূল উদ্দেশ্য। বিজেএমসি'র মাধ্যমে তা করা সম্ভব। অন্যান্য খেলাধুলার পাশাপাশি বিজেএমসি ফুটবলেও ভালো করবে বলে আমার বিশ্বাস।"
তিনি আরো বলেন, "নতুন প্রতিভা বের করে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। সচেতনতা বাড়াতে আমরা রোড-শোর আয়োজন করবো। বছর ব্যাপি প্রশিক্ষণ কর্যক্রমও পরিচলানা করবো।"
ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার বলেন, "স্বাধীনতা পরবর্তী সময় থেকে ক্রীড়াঙ্গনে বিজেএমসি অসামান্য অবদান রেখে আসছে। তাদের সেই জৌলুশ এখন আর নেই। তবে ফুটবলের মাধ্যমে তারা আবার সেই হারনো ঐতিহ্য ফিরে পাবে বলে আমার বিশ্বাস।"
অনুষ্ঠানে উপস্থিত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বিজেএমসির ফুটবলে আবার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
১৯৭৯ সালে ঢাকার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল বিজেএমসি। সেই চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন বাফুফের বর্তমান সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। বিজেএমসি আবার দল গঠন করছে শুনে তিনি বলেন, "এমন একটা দলের ফুটবলে আসা উচিত। কারণ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তাদের অনেক অবদান। অনেক ক্রীড়াবিদ তৈরি করেছে বিজেএমসি।"
অনুষ্ঠানে বিজেএমসির সাবেক ও বর্তমান ৬৫ জন ক্রীড়াবিদকে সম্মাননা দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯১৬ ঘ.
bdnews24