২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেমিটেন্সে প্রবৃদ্ধি হচ্ছে না

মন্দার মধ্যে গত বছর রেমিটেন্সে ১৩ শতাংশ প্রবৃদ্ধি হলেও এবার তাও না হওয়ার ইঙ্গিত মিলছে। এ জন্য আরব বিশ্বের অস্থিরতাকেই দায়ী করছেন অর্থনীতি বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্দার মধ্যে গত বছর রেমিটেন্সে ১৩ শতাংশ প্রবৃদ্ধি হলেও এবার তাও না হওয়ার ইঙ্গিত মিলছে। এ জন্য আরব বিশ্বের অস্থিরতাকেই দায়ী করছেন অর্থনীতি বিশ্লেষকরা। চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) প্রবাসী বাংলাদেশিরা সবমিলিয়ে ৯৫৯ কোটি (৯ দশমিক ৫৮ বিলিয়ন) ডলার পরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ কোটি ডলার বেশি বলে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তথ্যে দেখা যায়। গত কয়েক বছর ধরে রেমিটেন্স প্রবাহে বেশ ভালো প্রবৃদ্ধি হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত বছর ১৩ দশমিক ২৫ শতাংশ হলেও এর আগের তিন বছরে প্রবৃদ্ধির হার ছিলো ২০ শতাংশের ওপর। রেমিটেন্স নিয়ে বুধবার প্রকাশিত তথ্যে দেখা যায়, গত এপ্রিল মাসে প্রবাসীরা ৯৭ কোটি ৬১ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। মার্চ মাসে পাঠিয়েছিলেন ১১০ কোটি ৩০ লাখ ডলার। ২০০৯-১০ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে দেশে মোট ৯৫৩ কোটি ডলারের রেমিটেন্স এসেছিলো। যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি। ২০০৯-১০ অর্থবছরের পুরো সময়ে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিলো ১ হাজার ৯৭ কোটি ৩২ লাখ (১০ দশমিক ৯৭ বিলিয়ন) ডলার। প্রবৃদ্ধি হয়েছিলো ১৩ দশমিক ২৫ শতাংশ। আরব বিশ্বে রাজনৈতিক অস্থিরতার কারণে চলতি অর্থবছরে রেমিটেন্স প্রবাহের প্রবৃদ্ধিতে তেমন হবে না বলে মনে করছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষণা পরিচালক জায়েদ বখত। এ বছরের শুরু থেকে মিসর, লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। এতে প্রায় অর্ধ লক্ষ বাংলাদেশিকে দেশ ফিরতে হয়েছে। জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এবার রেমিটেন্সের পরিমাণ গত বছরের মতোই হবে। সামান্য কম-বেশি হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯১০ ঘ.