ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) যোগ দিয়েছেন নতুন কমিশনার হেলালুদ্দিন নিজামী ।
বুধবার দুপুরে দায়িত্ব গ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক।
পরে তিনি সাংবাদিকদের বলেন, "কমিশন নিয়ে যে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে, তা দূর করতে সর্বাত্মক চেষ্টা করবো। এজন্য বিনিয়োগকারী, সাংবাদিক ও বিভিন্ন স্টেকহোল্ডার সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।"
"সমন্বয়হীনতার যে অভাব রয়েছে, সেই জায়গাটি ঠিক করার মধ্য দিয়েই আমরা কাজ শুরু করবো। বিনিয়োগকারীদের আস্থা অর্জনের জন্যে সর্বাত্মক চেষ্টা করবো।"
এজন্যে সরকারের সুপারিশগুলো স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে বলেও জানান হেলালুদ্দিন।
তিনি বলেন, "শুধু ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে বাজারের সার্বিক পরিবেশ উন্নয়ন সম্ভব হবে না। এজন্যে কাঠামোগত সংস্কার দরকার। আইনগত যেসব সমস্যা রয়েছে, সেগুলো দূর করার চেষ্টা করা হবে।"
অভিযোগ রয়েছে এসইসির উপর সরকার সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিদের চাপ রয়েছে।
এ বিষয়ে নতুন কমিশনার বলেন, "নৈতিকতা ঠিক থাকলে পারিপার্শ্বিক চাপ কাটিয়ে দায়িত্ব পালন করা সম্ভব হবে।"
গত ডিসেম্বর-জানুয়ারিতে পুঁজিবাজারে অস্থিরতার কারণ তদন্তে গঠিত কমিটি গত ৭ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে প্রতিবেদন জমা দেন। এরপর ৩০ এপ্রিল এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
ওই সংবাদ সম্মেলনেই অর্থমন্ত্রী এসইসির চেয়ারম্যান ও দুজন নতুন সদস্য নিয়োগের কথা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এমআই/১৭৪০ ঘ.
bdnews24