২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমদানিতে রেকর্ড, চাপের মুখে রিজার্ভ

গত মার্চে রেকর্ড ৩১৩ কোটি ডলারের পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থা চললে বিদেশি মুদ্রার রিজার্ভ চাপের মুখে পড়বে। জানাচ্ছেন, আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতীতের সব রেকর্ড ভেঙে মার্চ মাসে ৩১৩ কোটি ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। এক মাসের আমদানি ব্যয় মেটাতে সরকারকে এর আগে আর কখনো এতো বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ব্যয় করতে হয়নি। বিশেষজ্ঞদের আশঙ্কা, আমদানি ব্যয় এভাবে বাড়তে থাকলে কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ বড় ধরনের চাপের মুখে পড়বে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম নয় মাসেই (জুলাই-মার্চ) আমদানি ব্যয় গত অর্থবছরের ১২ মাসের ব্যয়কে ছাড়িয়ে গেছে। চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে সব মিলিয়ে দুই হাজার ৪১৭ কোটি (২৪ দশমিক ১৭ বিলিয়ন) ডলারের পণ্য আমদানি হয়েছে। আর গত অর্থবছরের (২০০৯-১০) পুরো সময়ে আমদানি হয়েছিল দুই হাজার ৩৭৪ কোটি ডলারের পণ্য। গত অর্থবছরের জুলাই-মার্চ সময়ে আমদানি হয়েছিল এক হাজার ৭১৯ কোটি ডলারের পণ্য। অর্থাৎ নয় মাসের হিসাবে আমদানি ব্যয় বেড়েছে ৪০ দশমিক ৫৯ শতাংশ। অথচ ২০০৮-০৯ অর্থবছরের তুলনায় গত অর্থবছর আমদানি ব্যয় ১ দশমিক ৩৮ শতাংশ কমেছিল। আন্তর্জাতিক মান আনুযায়ী, যে কোনো দেশে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয়। বাংলাদেশ ব্যাংকের হাতে এই মুহূর্তে (৩ মে) এক হাজার ১১২ কোটি ডলারের সমপরিমাণ বিদেশি মুদ্রা মজুদ আছে। যা দিয়ে সাড়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র গবেষণা পরিচালক জায়েদ বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রপ্তানি আয় বাড়ছে ঠিক; কিন্তু তার চেয়েও বেশি হারে বাড়ছে আমদানি ব্যয়। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে প্রবাসী আয়ে (রেমিটেন্স) প্রবৃদ্ধি আগের মতো আর শক্তিশালী নেই। এই অবস্থায় রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়লে এবং আমদানি ব্যয় এভাবে বাড়তে থাকলে রিজার্ভ বড় ধরনের চাপের মুখে পড়বে।" তিনি বলেন, "১১ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ অবশ্যই অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। তবে যেভাবে আমদানি ব্যয় বাড়ছে, তাতে এ রিজার্ভ মোটেই যথেষ্ট বলা যাবে না।" বিশ্ববাজারে খাদ্যপণ্য, জ্বালানি তেলসহ সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় বাড়ছে বলে জায়েদ বখত জানান। তিনি বলেন, "আগামীতে এ সব পণ্যের দাম কমবে বলেও মনে হয় না।" কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাসে (জুলাই) ২১৬ কোটি ডলারের পণ্য আমদানি হয়। আগস্ট মাসে আমদানি হয় ২৪৩ কোটি ডলারের পণ্য। এভাবে প্রতি মাসেই বাড়তে বাড়তে ডিসেম্বরে আমদানি ব্যয় পৌঁছায় ২৯৮ কোটি ডলারে। জানুয়ারি মাসে তা প্রথম বারের মতো ৩০০ কোটি ডলার ছাড়িয়ে ৩০৫ কোটি ডলারে দাঁড়ায়। মার্চ মাসে তা আরও বেড়ে হয় ৩১৩ কোটি ডলার। চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে খাদ্য (চাল ও গম) আমদানির জন্য এলসি (ঋণপত্র) খোলার পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ১৫৯ দশমিক ০৩ শতাংশ বেড়েছে। আমদানি নিস্পত্তির পরিমাণ বেড়েছে ১২২ শতাংশ। শিল্প স্থাপনের জন্য মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) আমদানিতে এলসি খোলার পরিমাণ বেড়েছে ৬৯ দশমিক ৭৬ শতাংশ। আর নিস্পত্তির পরিমাণ বেড়েছে ৪৩ দশমিক ৯৮ শতাংশ। এই সময়ে জ্বালানি তেল আমদানির জন্য এলসি খোলার পরিমাণ বেড়েছে ২০ দশমিক ৫৩ শতাংশ। নিস্পত্তির বেড়েছে ৪২ দশমিক ৯৮ শতাংশ। শিল্পের কাঁচামাল আমদানিতে এলসি খোলার পরিমাণ বেড়েছে ৬৬ দশমিক ৪৩ শতাংশ। আর নিস্পত্তি বেড়েছে ৫২ দশমিক ৯৭ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় বেড়েছে ৪০ দশমিক ৩১ শতাংশ। এই সময়ে মোট এক হাজার ৬২০ কোটি (১৬ দশমিক ২০ বিলিয়ন) ডলারের পণ্য রপ্তানি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২০০৯ ঘ.