ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড অব গভর্নরসের সভায় যোগ দিতে পাঁচ দিনের সফরে ভিয়েতনাম গেছেন অর্থমন্ত্র্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার রাতে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশে তিনি ঢাকা ছেড়েছেন বলে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
হ্যানয়েতে এডিবির ৪৪তম বার্ষিক বোর্ড অব গভর্নরস এর সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা মন্ত্রীর সঙ্গে রয়েছেন।
তথ্য কর্মকর্তা শাহেদুর জানান, আগামী ৬ মে তুরস্কে যাবেন অর্থমন্ত্রী। তুরস্কের ইস্তামবুলে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশসমূহ (এলডিসি) সংক্রান্ত জাতিসংঘের চতুর্থ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনি যোগ দেবেন।
১১ মে অর্থমন্ত্রী দেশে ফিরবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/১৭৫৫ ঘ.
bdnews24