ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার অস্থিরতা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের একাংশের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে পুঁজিবাজার অস্থিরতা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের ওপর সরকারের বক্তব্য জানাতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, তদন্ত কমিটি অনেক ক্ষেত্রে 'ধারণা ও অনুমান'র ওপর ভিত্তি করে কারো দোষ খুঁজে পেয়েছে।
কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ নেতৃত্বাধীন এ কমিটি গত ৭ এপ্রিল তাদের প্রতিবেদন অর্থমন্ত্রীকে দেন। শনিবার আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করেছে সরকার।
তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুঁজিবাজার নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
এর সঙ্গে দ্বিমত পোষণ করে অর্থমন্ত্রী বলেন, "পুঁজিবাজার নিয়ন্ত্রণে এসইসি পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে কমিটি যে অভিমত দিয়েছেন, সরকার তা গ্রহণ করছে না। বরং সরকার দেখছে যে এতে অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও যথাযথ পদক্ষেপ সব সময় নেয়নি।"
এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের দায় আছে কি না- জানতে চাওয়া হলে তিনি বলেন, "বাংলাদেশ ব্যাংক, এসইসি, ডিএসই, সিএসই সবারই দায় আছে।"
কমিটির প্রতিবেদনকে ধারণানির্ভর উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "অনেক ক্ষেত্রে তারা ধারণা বা অনুমানের ওপর ভিত্তি করে কারো দোষ খুঁজে পেয়েছে বা সুপারিশ করেছে। এর ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা যায় না। এর অধিকতর তদন্ত প্রয়োজন।
"অনুমাননির্ভর কোনো তথ্যের ভিত্তিতে কারো চরিত্র হনন হোক- এটা যেমন কাম্য নয়, তেমনি কোন না কোনভাবে মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের কারসাজিতে, তারা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাক, এটাও সরকার চায় না।"
অধিকতর তদন্ত কবে হবে জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী বলেন, "নতুনদের (এসইসির নতুন চেয়ারম্যান ও সদস্য) বসতে দিন। তাদের দেখতে দিন। অতো অধৈর্য হবেন না।"
তিনি সংবাদ সম্মেলনেই জানান, এসইসির চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি। সদস্য পদেও নতুন দুজনকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
কমিশন যে সব বিষয় আরো তদন্তের সুপারিশ করেছে, তা করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মুহিত জানান। দুটি ক্ষেত্রে ফৌজদারি অপরাধের প্রমাণ তদন্তে মিলেছে জানিয়ে তিনি বলেন, এ দুটি বিষয় দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এআরএইচ/এমআই/২০২৫ ঘ.
bdnews24